
চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ‘বালুখেকো’ মো. সেলিম খান দলীয় পদ থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের এক সভায় মো. সেলিম খানকে দল থেকে আজীবন বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. সেলিম খান বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের বরাত দিয়ে তাঁকে দল থেকে বহিষ্কারের যে খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তাতে বহিষ্কারের কোনো কারণ উল্লেখ নেই। সম্পূর্ণ ‘অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক’ প্রক্রিয়ায় তাঁকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এতে তিনি মর্মাহত ও হতাশ।
সেলিম খান আরও বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের রয়েছে। কারণ, দর্শানোর নোটিশ ছাড়া কাউকেই দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই।
সেলিম খান অভিযোগ করেন, গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের যে সভায় তাঁকে বহিষ্কার করা হয়, সেখানে কোনো অ্যাজেন্ডা বা আলোচ্যসূচি ছিল না। এসব কারণে বহিষ্কারের ওই ‘অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক’ ঘোষণা প্রত্যাহারের দাবি জানান তিনি। এ ব্যাপারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির হস্তক্ষেপও কামনা করেন সেলিম খান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ মিজি, সহসভাপতি ইউনুছ শেখ এবং ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহির হাওলাদার।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সাংগঠনিক নিয়ম ও গঠনতন্ত্র মেনে জেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিক্রমে মো. সেলিম খানকে দলীয় পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। সেলিম খান ওই বহিষ্কারাদেশের প্রক্রিয়া নিয়ে যে অভিযোগ এনেছেন, তা ভিত্তিহীন।