বাঁশঝাড়ে ভুবনচিল, ভুট্টাখেত থেকে ময়না উদ্ধার

শ্রীমঙ্গরে স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের অস্থায়ী সেবাকেন্দ্রে আছে উদ্ধার হওয়া ভুবনচিলটি
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে একটি অসুস্থ ভুবনচিল ও ভুট্টাখেত থেকে ময়না পাখি উদ্ধার করেছে স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সবুজবাগ থেকে অসুস্থ অবস্থায় ভুবনচিল ও ভাড়াউড়া চা–বাগান থেকে পাহাড়ি ময়না উদ্ধার করা হয়। পাখি দুটিকে সংগঠনের অস্থায়ী সেবাকেন্দ্রে রাখা হয়েছে।

স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের সদস্য সোহেল শ্যাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার অসুস্থ ভুবনচিলটি সবুজবাগ এলাকার কয়েকজন যুবক একটি বাঁশঝাড়ের নিচে পড়ে থাকতে দেখে খবর দেন। পরে তাঁরা নিজেরাই প্রাণীটিকে সংগঠনের অস্থায়ী সেবাকেন্দ্রে নিয়ে আসেন। চিলটি খুবই ছোট, সদ্য ওড়া শিখেছে। অসুস্থ ভুবনচিলটিকে সুস্থ করার জন্য বন বিভাগের পরামর্শ অনুযায়ী তাঁরা কাজ করছেন।

সোহেল শ্যাম বলেন, দুপুরে উপজেলার ভাড়াউড়া চা–বাগান এলাকার একটি ভুট্টাখেতে ময়না পাখি পেয়ে স্থানীয় এক ব্যক্তি ধরে রাখেন। পরে সংগঠনের সদস্যরা গিয়ে পাখিটি উদ্ধার করে নিয়ে আসেন। দুটি পাখিকে সেবাকেন্দ্রে রেখে খাবার ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ভুবনচিল ‘মেঘচিল’ নামেও পরিচিত। এর ইংরেজি নাম ‘ব্ল্যাক কাইট’ বা ‘পারিয়াহ কাইট’। ভুবনচিলের দৈর্ঘ্য ৬১ সেন্টিমিটার, ওজন ৬৩০-৯৪০ গ্রাম হয়ে থাকে। ভুবনচিল দূর থেকে একনজরে দেখলে কালচে মনে হলেও পালকের রং চকচকে ঘন বাদামি। চোখে যেন কালো টিপ পরানো। পা হলুদ, ঠোঁট কালচে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার জোনের রেঞ্জার শহীদুল ইসলাম বলেন, পাখিগুলো সুস্থ হওয়ার পর অবমুক্ত করা হবে।