
বাগেরহাটে করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করেও প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে পারেননি প্রায় ৫০ হাজার মানুষ। টিকার মজুত শেষ হওয়ায় গত ২২ মে জেলা স্বাস্থ্য বিভাগ করোনার টিকাদান কার্যক্রম বন্ধ করে দেয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় করোনার প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ৫৪ হাজার ৭৮৭। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪০ হাজার ৭০৬ জন। সেই হিসাবে দ্বিতীয় ডোজ নিতে পারেননি ১৪ হাজার ৮১ জন। আর রেজিস্ট্রেশন করেও প্রথম ডোজ নিতে পারেননি ৩৫ হাজার ৬৮৭ জন।
জেলায় করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেননি ১৪ হাজার ৮১ জন। আর রেজিস্ট্রেশন করেও প্রথম ডোজ নিতে পারেননি ৩৫ হাজার ৬৮৭ জন।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ূন কবির বলেন, জেলায় করোনার টিকা পেতে নিবন্ধন করেছেন ৯১ হাজার ৪৭১ জন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট ৯৫ হাজার ৪৯৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। জেলায় টিকা এসেছিল মোট ৯৯ হাজার ডোজ।
সিভিল সার্জন বলেন, বাগেরহাটের বাইরে অন্য জেলায় নিবন্ধন করেও অনেকে এখানে টিকা নিয়েছেন। তাঁদের দিতে হয়েছে সাড়ে তিন হাজার ডোজের মতো।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে বাগেরহাট সদর হাসপাতালসহ ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম।