
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নেতার নাম উচহ্লা মারমা ওরফে পিন্টু (৩৫)। তিনি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের দপ্তরি। গতকাল শুক্রবার নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়কের মারেগ্যাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উচহ্লা মারমাকে আটক করা হয়। এরপর তাঁকে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবার চালান তাঁর হেফাজতে রাখার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মারেগ্যাপাড়া থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাহাড়ি জঙ্গল থেকে ১৮টি বাক্সভর্তি ১ লাখ ৭১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় সোয়া পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনিন মারমা বলেন, পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তিনি নিজে উচহ্লা মারমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এতে উচহ্লা মিয়ানমারের চোরাকারবারিদের একটি ইয়াবার চালান তাঁর কাছে মজুত রাখার কথা স্বীকার করেছেন। আজ ওই ইয়াবার চালানটি কক্সবাজারের রামু উপজেলার মাদক কারবারিদের নিয়ে যাওয়ার কথা ছিল।
ওসি আলমগীর হোসাইন বলেন, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি উচহ্লা মারমা মাদক কারবারিদের ইয়াবা চালানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মূল কারবারিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এদিকে ইয়াবাসহ গ্রেপ্তার উচহ্লা মারমাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সভাপতি জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনাইছড়ি ইউনিয়ন সভাপতি উচহ্লা মারমা মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। এতে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ জন্য তাঁকে সংগঠন থেকে সাময়িক বরখাস্ত করে সহসভাপতি মংচহ্লা মারমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।