
বান্দরবানে বেড়াতে এসে আজ শুক্রবার সাঙ্গু নদে ডুবে এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃত তরুণীর নাম মারিয়া ইসলাম (১৯)।
মারিয়া নদে নেমে তলিয়ে গেলে তাঁকে বাঁচাতে আহনাফ আকিব (২২) ও আদনিন (১৬) নামের দুই তরুণ-কিশোরী নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ ঘটনায় দুজনই নিখোঁজ। নিখোঁজ দুজন ভাইবোন বলে জানা গেছে। মৃত ও নিখোঁজ সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।
ফায়ার সার্ভিসের বান্দরবান স্টেশন কর্মকর্তা নাজমুল আলম ঘটনাস্থল থেকে জানিয়েছেন, আজ বেলা তিনটার দিকে সাঙ্গু নদের তারাছামুখ ও বেতছড়ার মাঝামাঝি এলাকায় পানিতে নামেন মারিয়া ইসলাম। এ সময় তিনি গভীরে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে আহনাফ ও আদনিন এগিয়ে গেলে তাঁরাও তলিয়ে যান।
মৃত তরুণী ও নিখোঁজ দুজন ১০ জন তরুণ-তরুণীর সঙ্গে গতকাল সকালে জেলা শহরের ক্যচিংঘাটা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় সাঙ্গু নদে উজানে বেড়াতে গিয়েছিলেন। তারাছামুখ ও বেতছড়া মাঝামাঝি একটি পাহাড়ি ঝরনা দেখে তাঁরা সাঙ্গু নদে নেমেছিলেন।
তারাছামুখ এলাকার বাসিন্দা চাইহ্লা উ মারমা বলেন, মারিয়া ইসলাম পানির গভীরে যাওয়ার পর দুজন তাঁকে উদ্ধারে নেমে যান। তাঁরাও পানিতে ডুবে নিখোঁজ। প্রথমে ডুবে যাওয়া মারিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিখোঁজ দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস স্টেশনকে জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাজমুল আলম বলেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। পানির গভীরতা বেশি হওয়ায় নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে ডুবুরি নিয়ে আসা হচ্ছে।