বান্দরবানের রুমা উপজেলার মুরুংবাজার এলাকায় আজ বুধবার একটি মালবাহী ট্রাকসহ বেইলি সেতু ধসে পড়েছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন এবং বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মুরুংবাজার পুলিশ ক্যাম্পের প্রধান উপপরিদর্শক জাকির হোসেন শিকদার বলেন, বেলা দেড়টার দিকে জেলা শহর থেকে রুমা উপজেলা সদরে একটি চালবাহী ট্রাক যাচ্ছিল। পথে মুরুংবাজার এলাকার একটি ছড়ার ওপর নির্মিত সেতু পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ধসে পড়ে। বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন সেতু ধসে পড়ার বিষয়টি জানতে পারে এবং সেখানে জড়ো হতে থাকে।
একপর্যায়ে সেতু ধসে ট্রাকটি সেতুর ওপর উল্টে যায়। ট্রাকটির চালক আবদুল গফুর (৪০) ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকচালকের লাশ উদ্ধার করে নিয়ে যায়। আবদুল গফুর চাল নিয়ে রুমা উপজেলা শহরে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে কোনো সহযোগী ছিলেন না।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোসলে উদ্দিন চৌধুরী বলেন, বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কটি সেনাবাহিনীর ২০ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন (ইসিবি) রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। সেতুটি ধসে পড়ার পর ইসিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মুরুংবাজার সেতুটি জেলা সদর থেকে প্রায় ৩৮ কিলোমিটার এবং রুমা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে।
এ ব্যাপারে ২০ ইসিবির সঙ্গে যোগাযোগ করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি। তবে সংবাদ পাওয়ার পর সেতুটি দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের ব্যবস্থার জন্য ইসিবির দল সেখানে গেছে বলে নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিন জানিয়েছেন। জেলা সদরের সঙ্গে রুমার সরাসরি যোগাযোগ বন্ধ হলেও সেতুর দুই পাশ থেকে যাত্রিবাহী বাস চলাচল করায় যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না বলেও তিনি জানিয়েছেন।