
নাটোরের সিংড়া উপজেলায় সেতুর রেলিং থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী (২০) সিংড়া বাসস্ট্যান্ড এলাকার সাগর সুপার মার্কেটের মালিক আবদুল মান্নানের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
সিংড়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আবদুস সালাম জানান, বৃহস্পতিবার রাতে বাবার মোটরসাইকেলের পেছনে বসে বেড়াতে যান সাগর আলী। পথে জোলারবাতা সেতুর ওপর মোটরসাইকেলটি নষ্ট হয়। এ সময় বাবা আবদুল মান্নান মোটরসাইকেলটি মেরামত করছিলেন। সাগর সেতুর রেলিংয়ের ওপর বসতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বলেন, লাশ নিহত ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।