বালু তোলায় পাঁচজনকে কারাদণ্ড, প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। আজ রোববার দুপুরে শহরের পুরাতন ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

জামালপুর সদর উপজেলার পুরোনো ফেরিঘাট-সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে বছরের পর বছর ধরে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তুলছিল একটি চক্র। গত শনিবার অভিযান চালিয়ে ওই চক্রের পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে আজ রোববার জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বালু তোলায় জড়িত শ্রমিকেরা। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বেলা ১১টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলে এই অবরোধ। শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, শহরের বানিয়া বাজার থেকে গাড়ির লম্বা সারি। ফেরিঘাট এলাকায় ট্রাক, বাস ও বিভিন্ন যানবাহন আড়াআড়ি করে রাখা হয়েছে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহনশ্রমিকেরা। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যে যাচ্ছিলেন। পুলিশ ও জামালপুর পৌরসভার মেয়র শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছিলেন। পরে তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা সড়ক ছাড়েন। এরপর যানবাহন চলাচল শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন সদর উপজেলার বানার এলাকায় শনিবার দুপুরে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু ব্যবসায়ী চান মিয়াকে তিন মাস ও রবিউলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে জাকারিয়া, মোস্তাক হোসেন ও মুক্তার আলী নামের তিন ট্রাকচালককে। এর প্রতিবাদে পরিবহনশ্রমিক ও বালু ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বালু উত্তোলনের সঙ্গে একটি চিহ্নিত চক্র জড়িত। কিন্তু প্রশাসনের লোকজন এসে প্রথমে বালু বহনকারী ট্রাকচালক ও শ্রমিকদের জেল-জরিমানা করেন। তাঁরা তো ওই চক্রের সঙ্গে জড়িত নন, শ্রমিক হিসেবে কাজ করেন। এর আগেও কয়েকবার ট্রাকচালকদের জেল-জরিমানা করা হয়েছিল। বালুর টাকা ওপরের মহল থেকে সবার পকেটেই যাচ্ছে। কিন্তু কারও কিছু হয় না। ট্রাকচালক ও শ্রমিকদের শাস্তি দেওয়া হয়। সবার চোখের সামনেই পুরোনো ফেরিঘাট এলাকায় বালু বহনকারী প্রতিটি গাড়ি থেকে নির্দিষ্ট হারে টাকা নেওয়া হচ্ছে। তাঁদের না ধরে চালক ও শ্রমিকদের ধরা হয়। তাঁদের ছেড়ে দিতে এবং এসব হয়রানি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে।

কয়েকজন যাত্রী বলেন, দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। অবৈধভাবে বালু তোলার অপরাধে কয়েকজনকে প্রশাসন ধরেছে। এ জন্য সড়ক অবরোধ করে, শত শত মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে কষ্ট দেওয়া হচ্ছে। এটা কোনো আন্দোলন হলো। কথায় কথায় সাধারণ মানুষকে জিম্মি করে তাঁরা তাঁদের উদ্দেশ্য হাসিল করেন। শত শত যানবাহন আটকা পড়েছে। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সেই খেয়াল আছে কী।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের জেলা-জরিমানা হয়েছে। তাঁদের ছেড়ে দিতে এবং এই ধরনের ভ্রাম্যমাণ আদালত যাতে না হয়, সেটার জন্য শ্রমিকেরা রাস্তা অবরোধ করেছিলেন। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের মুক্ত করা হবে। পরে শ্রমিকেরা বিষয়টি মেনে নেন এবং আন্দোলন প্রত্যাহার করে নেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, অবরোধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সবাই ছুটে যান। কিন্তু তাঁরা কোনোভাবেই মানছিলেন না। যাঁরা জেলে গেছেন, তাঁদের তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে। পরে মেয়র মহোদয় তাঁদের আশ্বস্ত করেছেন এবং দায়িত্ব নেন। পরে তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নেন।