
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় দুই সচিব নিহতের মামলায় বাসচালকের নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ সাত হাজার টাকা জরিমানা ও অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য্য এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বাসচালকের নাম আনোয়ার হোসেন। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে। তবে রায় ঘোষণার সময় আদালতে তিনি অনুপস্থিত ছিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩১ জুলাই সকালে একটি পাজেরো গাড়িতে গোপালগঞ্জ যাচ্ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন সচিব রাজিয়া বেগম এবং ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) তৎকালীন চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান। তাঁদের সঙ্গে ছিলেন গাড়ির চালক ফজলুল হক ও দেহরক্ষী মো. ফজলুল। ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের উথুলী সংযোগ মোড় এলাকায় দ্রুতি পরিবহনের একটি বাস ওই গাড়িটিকে চাপা দিলে গুরুতর আহত হন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই সচিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পাজেরো গাড়ির চালক ও দেহরক্ষীকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিসিকের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) শামসুল হক বাদী হয়ে শিবালয় থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করেন। পরে এ মামলায় বাসের চালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জামিনে বের হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
২০১০ সালের ১৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ভূঁইয়া আসামি বাসচালক আনোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এতে আসামি বাসচালকের বিরুদ্ধে সড়ক নিরাপত্তা আইনের ৩০৪ (খ), ২৭৯, ৩৩৮ (ক) ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুরনাথ সরকার। তিনি বলেন, এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সব সাক্ষীর সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। আদালত জরিমানার অর্থ নিহত দুই পরিবারের মধ্যে সমবণ্টনেরও নির্দেশ দেন।