
ব্রাহ্মণবাড়িযার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বীরপাশা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইমরান খান (৩০)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আতাউর রহমান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগরে বীরপাশা এলাকায় হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকাগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী ইমরান খান ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন মাইক্রোবাসের অপর পাঁচ যাত্রী। তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে মহাসড়কের ওপর আটকা পড়ে। আর বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। আধঘণ্টা পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, যুবকের লাশ উদ্ধার করে পুলিশের জিম্মায় থানায় রাখা হয়েছে। বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।