প্যারামেডিকেল পাস করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন ২৬ বছর বয়সী তরুণ রোকনুজ্জামান। বেসরকারি এই চাকরির বেতন সামান্য; দ্রব্যমূল্যের এমন উর্ধ্বগতির সময়ে তাই সংসার চালানো বেশ কষ্টকর। সে জন্য চাকরির পাশাপাশি বিকল্প কিছু করার কথা ভাবছিলেন তিনি। সেই ভাবনা থেকে সূর্যোদয়ের পরপরই দুটি চেয়ার আর একটি টেবিল নিয়ে বসে পড়েন নগরের বিভিন্ন পথের ধারে। সঙ্গে থাকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক ও ওজন মাপার যন্ত্র। প্রাতভ্রমণে বের হওয়া নগরের বাসিন্দারা তাঁর কাছে আসেন, এসব সেবা নেন। এর মাধ্যমে বিকল্প আয়ের পথ তৈরি করেছেন রোকনুজ্জামান।
রোকনুজ্জামানের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকায়। তাঁর বাবা আজিজুল ইসলাম কৃষিকাজ করেন। মা রাহেলা বেগম গৃহিনী। রোকনুজ্জামানের স্ত্রী ও আট মাসের একটি কন্যাসন্তান রয়েছে। সূর্যোদয়ের আগেই প্রতিদিন প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি রংপুর শহরে আসেন। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা নগরের বিভিন্ন স্থানে পথের ধারে বসেন তিনি।
আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে নগরের সুরভী উদ্যানের সামনে রোকনুজ্জামানের সঙ্গে প্রথম আলোর এ প্রতিবেদকের দেখা হয়। একটি ছোট টেবিল ও দুটি চেয়ার নিয়ে বসে আছেন তিনি। গলায় ঝুলছে উচ্চ রক্তচাপ মাপার যন্ত্র, টেবিলে ডায়াবেটিক পরীক্ষার ডিজিটাল যন্ত্র, আর টেবিলের পাশে রাখা ওজন মাপার যন্ত্র।
রোকনুজ্জামান বলেন, রংপুরের একটি বেসরকারি হাসপাতালে প্যারামেডিকেল পদে চাকরি করেন তিনি। সামান্য টাকা বেতন পান। এ টাকায় সংসার চালানো কষ্টকর। তাই তিনি উপায় খুঁজে বের করেন চাকরির পাশাপাশি সকালটা কীভাবে কাজে লাগানো যায়। একপর্যায়ে নেমে পড়লেন রংপুর নগরের পথের ধারে। বর্তমানে নগরের সুরভি উদ্যানের সামনে প্রতিদিন সকালে বসেন তিনি। অনেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক ও ওজন মাপতে আসেন। উচ্চ রক্তচাপ মাপার জন্য ৫ টাকা, ডায়াবেটিক মাপার জন্য ৩০ থেকে ৪০ টাকা ও ওজন মাপার জন্য ৫ টাকা করে নেন তিনি। কারও কাছে টাকা না থাকলেও মেপে দেন। পরদিন এসে টাকা দিয়ে যান। এভাবে প্রতিদিন ৩ ঘণ্টায় গড়ে তাঁর ২০০ থেকে ৩০০ টাকার মতো আয় হয়।
কথা চলাকালে রোকনুজ্জামানের কাছে উচ্চ রক্তচাপ মাপার জন্য আসেন রাখি রাণী নামের এক নারী। তিনি বলেন, ‘প্রতিদিন ভোরে হাঁটি। প্রায় সময় তাঁর কাছে ওজন ও রক্তচাপ মাপি। সামান্য টাকা তাঁকে দিতে হয়। কোনো দিন টাকা নিয়ে না বেরোলে পরদিন এসে দিয়ে যাই।’
সুরভী উদ্যানে প্রাতভ্রমণে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘রোকনুজ্জামান কাজটি করছেন একটু ভালো থাকার জন্য। নিজেই তিনি স্বাবলম্বী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তাঁর কাছ থেকেও আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে।’
রোকনুজ্জামান বলেন, ‘নিজের কাজ নিজে করছি। কারও কাছে হাত পাততে হচ্ছে না। তা ছাড়া যেভাবে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, তাতে বেতনের সামান্য টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর ব্যাপার। তাই করোনা মহামারির পর পথের ধারে এভাবেই নেমে পড়েছি।’