নাটোরের গুরুদাসপুর

বাড়তি সেচখরচের ফাঁদে কৃষকেরা

ইরি-বোরোর খেতে বিঘাপ্রতি ২ হাজার ৫০০ টাকা বেঁধে দেওয়া হলেও এখন দাবি করা হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা।

নাটোর জেলার মানচিত্র
নাটোর জেলার মানচিত্র

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সরকারিভাবে বেঁধে দেওয়া সেচখরচের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে গভীর ও অগভীর নলকূপের মালিকদের বিরুদ্ধে। সদ্য শেষ হওয়া ইরি-বোরো, ভুট্টা-রসুন, গম, রোপা আমন ও পাটে সেচ দিতে বাড়তি এই টাকা আদায় করা হচ্ছে।

ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, বিএডিসির সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) দপ্তর থেকে ইরি-বোরোর খেতে বিঘাপ্রতি ২ হাজার ৫০০ টাকা বেঁধে দেওয়া হলেও এখন দাবি করা হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা। রসুন সেচে ১ হাজার ২০০ টাকার বিপরীতে নেওয়া হচ্ছে ২ হাজার ৫০০ টাকা, ভুট্টা ও গমের জন্য ৩০০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৫০০ টাকা। এখন রোপা আমন ও পাটে সেচ দিতে প্রতি বিঘায় ৩০০ টাকা বেশি দাবি করছেন গভীর-অগভীর সেচযন্ত্রের ম্যানেজাররা।

বাড়তি সেচখরচ থেকে পরিত্রাণ পেতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ৩০ জন ভুক্তভোগী কৃষক গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বরাবর লিখিত অভিযোগ দেন। ইউএনও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সেচকলের ম্যানেজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ জানান, উপজেলায় এ বছর ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে রসুন, ৫ হাজার ৫০০ হেক্টরে ইরি-বোরো, গম ১ হাজার ৯৭০ হেক্টর, ৭৯৫ হেক্টরে ভুট্টা ও শর্ষে ৭৯০ হেক্টরে আবাদ হয়েছে। এখন ৪ হাজার ১৫০ হেক্টরে পাট ও প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসব জমিতে সেচ নির্বিঘ্ন করতে উপজেলাজুড়ে ১৪৫টি গভীর নলকূপ রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ-চালিত ১৪৪টি এবং ডিজেলচালিত মাত্র ১টি। অগভীর নলকূপ ৪ হাজার ৮০৩টি। এর মধ্যে ৯০৩টি বিদ্যুৎ-চালিত এবং ডিজেলচালিত ৩ হাজার ৯০০টি। বিদ্যুৎ-চালিত এলএলপি (লো-লিফটপাম্প) ৫টি।

কৃষকের ভাষ্যমতে, উপজেলার সব সেচকলের ম্যানেজার জোটবদ্ধ হয়ে সেচখরচ বাড়িয়ে দিয়েছেন। বাড়তি এই সেচখরচের টাকা পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের।

ভুক্তভোগী কৃষক রায়হান আলী বলেন, বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা মাঠে ২০ বিঘা জমি রয়েছে তাঁর। এসব জমিতে ইরি-বোরো, ভুট্টা ও গমের আবাদ করেছিলেন তিনি। সরকারিভাবে বেঁধে দেওয়া সেচখরচের অর্ধেক টাকা গভীর নলকূপের ম্যানেজার জাহিদুল ইসলামকে পরিশোধ করেছিলেন আগেই। ফসল ঘরে ওঠার পর ১ জুন বকেয়া টাকা আদায়ে হালখাতার আয়োজন করেছেন জাহিদুল ইসলাম। হালখাতার কার্ডে বকেয়া অর্ধেক টাকার সঙ্গে অতিরিক্ত আরও ১৫ হাজার যোগ করে কার্ড দেওয়া হয়েছে তাঁকে।

কৃষক মোশারফ হোসেন ৩ বিঘা ও আবদুল কাদের ২ বিঘা জমিতে ইরি-বোরো ধানের আবাদ করেছিলেন। তাঁদের কাছ থেকে প্রতি বিঘা ৩ হাজার ৫০০ টাকা হিসাবে সেচখরচ দাবি করে হালখাতার কার্ড দেওয়া হয়েছে। তাঁদের মতো কমপক্ষে ৪০ জন কৃষকের কাছে সেচের অতিরিক্ত টাকা যোগ করে হালখাতার কার্ড দেওয়া হয়েছে।

কৃষক আবু সাইদ অভিযোগ করেন, ৪ বিঘা জমিতে রসুন রোপণ করেছিলেন তিনি। সরকারিভাবে প্রতি বিঘার সেচখরচ ১ হাজার ২০০ টাকা হলেও ২ হাজার ৫০০ টাকা করে দাবি করছেন গভীর নলকূপের ম্যানেজার সিরাজুল ইসলাম।

এ ব্যাপারে বিয়াঘাট বাবলাতলা এলাকার গভীর নলকূপের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন, সরকারিভাবে শ্রমিকের মূল্য ৩০০ টাকা ধরা হলেও বাস্তবে একজন শ্রমিকের মজুরি কমপক্ষে ৭০০ টাকা। বাড়তি এই খরচের টাকা জোগান দিতেই সেচখরচ বাড়াতে বাধ্য হয়েছেন সব সেচকলের মালিক। তাঁরা আরও বলেন, খেতে ফসল ফলানোর সময় কৃষকের হাতে টাকা থাকে না। এ কারণে ঘরে ফসল তোলার পর এখন হালখাতা অনুষ্ঠান করে কৃষককে আপ্যায়ন করে বকেয়া টাকা আদায় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতো উপজেলার বেশির ভাগ সেচকলের মালিক-ম্যানেজার হালখাতার আয়োজন করছেন। এই টাকা পরিশোধ হলেই সেচ দেবেন বাকিতে।

বিএডিসির (ক্ষুদ্র সেচ) উপজেলা প্রকৌশলী সচ্চিদ ঢালী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, উপজেলা সেচ কমিটির মিটিং ডেকে সরকারিভাবে সেচের মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে অতিরিক্ত সেচখরচ আদায়ের সুযোগ নেই। যাঁদের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।