বিএনপির নেতা–কর্মীদের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বললেন গয়েশ্বর

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার নগরের শেখঘাট এলাকায়
ছবি : প্রথম আলো

আন্দোলন-সংগ্রামের জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিলেট নগরের শেখঘাট এলাকায় সিলেট বিভাগের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে দলীয় নেতা–কর্মীদের এ আহ্বান জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ফরহাদ আলমের সভাপতিত্বে এতে গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর ও এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, বিএনপি নেতা ব্যরিস্টার মীর হেলাল প্রমুখ।

এদিকে বেলা তিনটায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ে এবং বেলা সাড়ে চারটায় একই উপজেলার পূর্ব আলীরগাঁও এলাকায় জেলা বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।