
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির নেতা–কর্মীরা পদ্মা সেতুর মর্ম বোঝেন না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা।
আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জের মিরকাদিম উপজেলার কমলাঘাট বন্দরে সামরীন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু কী—তা জানেন সন্তানহীন মায়েরা, যাঁরা সন্তানের লাশ নিয়ে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। জানেন প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধারা, যাঁরা ফেরি পার হতে না পেরে ফ্লাইট মিস করেছেন। জানেন গরিব কৃষক ও খুদে ব্যবসায়ীরা, সময়মতো ফেরি পার হতে না পারায় যাঁদের উৎপাদিত সবজি নষ্ট হয়েছে।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, পদ্মা সেতু নির্মাণ সহজ ছিল না। এটি দুঃসাধ্য ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে বাস্তবে পরিণত করেছেন। প্রধানমন্ত্রী দেশের মানুষকে পদ্মা সেতুর স্বপ্ন দেখিয়েছেন। তিনিই এটি বাস্তবায়ন করেছেন।
পদ্মা সেতু নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক ষড়যন্ত্র হয়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সব ষড়যন্ত্রকে প্রতিহত করেছেন। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়েছেন যে বাংলাদেশও পারে।’
কতিপয় অসাধু ব্যবসায়ী পণ্য মজুত করে ঘাটতির সৃষ্টি করেন উল্লেখ করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘লোকসান দিতে বলছি না। লাভটা একটু কম করেন। তাহলে কিন্তু জনসাধারণের ওপর দ্রব্যমূল্যের প্রভাবটা পড়বে না।’
সামরীন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক ও মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইভিন্স গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উল আলম চৌধুরী, মহিলা ও শিশু অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিনহাজ-উল-ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া প্রমুখ।