
নাগেশ্বরীর শিয়ালকান্দা বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে গাছের চারা রোপণ করা হয়েছে। এতে ওই মাঠে খেলতে পারছে না শিক্ষার্থীরা।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের একটি বিদ্যালয়ের মাঠের ১৫ শতাংশ জমি দখল করে গাছের চারা রোপণ করেছেন স্থানীয় কয়েক ব্যক্তি। একই সঙ্গে তাঁরা সেখানে দোকান নির্মাণের চেষ্টা করছেন। ওই জমি নিজেদের দাবি করে তাঁরা স্থাপনা নির্মাণের উদ্যোগ ও গাছ রোপণ করছেন। এতে ওই মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্প্রতি সরজমিনে জানা যায়, রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ এলাকায় ১৯৯৩ সালে ৯৮ শতাংশ জমিতে শিয়ালকান্দা বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১৮ জন শিক্ষক এবং ৪ শতাধিক শিক্ষার্থী আছে ওই বিদ্যালয়ে। গতবারেও উপজেলা পর্যায়ে এসএসসির ফলাফলে দ্বিতীয় হয়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের মাঠে খেলেই ২০১৬ সালে জাতীয় পর্যায়ে শীতকালীন স্কুল প্রতিযোগিতায় উচ্চলাফে মো. সাকোয়াত নামের এক শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদাতা মৃত ফজলুল হকের প্রতিবেশী মীর মতিয়ার রহমান নামে একজনের কাছ থেকে ৩২ শতাংশ জমি রেওয়াজ বদল করে বিদ্যালয়ের দখলে দেন। এর মধ্যে ১৫ শতাংশ জমি তিনি বিদ্যালয়ের নামে লিখে দেন। বাকি ১৭ শতাংশ জমি তিনি লিখে দেননি। ওই ১৭ শতাংশ জমির বদলি হিসেবে যে জমিটি মতিয়ার রহমান দীর্ঘ ২৭ বছর ধরে ভোগদখল করে আসছিলেন, সেই জমিও গত বছর দখল করে নেয় প্রতিষ্ঠাতা ফজলুল হকের স্বজনেরা। ফলে মতিয়ার রহমানের মীর শাহ আলম বিদ্যালয়ের মধ্যে থাকা ১৭ শতাংশ জমি আবার দখলে নেন। ফলে ওই মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।
আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই হঠাৎ করে স্কুলমাঠের ১৫ শতাংশ জমি জাল দিয়ে ঘেরাও করে দেন মীর শাহ আলম।জালাল উদ্দিন সরকার, প্রধান শিক্ষক
এ বিষয়ে মীর শাহ আলম বলেন, ‘ বিদ্যালয়ের জমিদাতারা আমার বাবার কাছ থেকে জমি নিয়ে বদলি হিসেবে যে জমি দিয়েছেন, তা লিখে দেননি। ফলে জমিদাতার মৃত্যুর পর তার স্বজনেরা আমাদের কাছে থাকা তাঁদের সেই জমি দখলে নিয়েছেন। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও জমি না পেয়ে এই কাজ করতে বাধ্য হয়েছি।’
অভিভাবকদের পক্ষ থেকে মো. জাহাঙ্গীর ও আবদুল জব্বার বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা ও একগুঁয়েমির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁদের জমি বুঝিয়ে দিলে আজ এ অবস্থার সৃষ্টি হতো না। এর জন্য স্কুল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। আমরা চাই, দ্রুত সমস্যার সমাধান হোক।’
প্রধান শিক্ষক মুহা. জালাল উদ্দিন সরকার বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই হঠাৎ করে স্কুলমাঠের ১৫ শতাংশ জমি জাল দিয়ে ঘেরাও করে দেন মীর শাহ আলম। সেখানে তাঁরা ৬০টি চারা রোপণ করেন। দোকানঘর করার জন্য ইট ফেলে সেখানে ফাউন্ডেশন দেওয়ার কার্যক্রম শুরু করে। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজ আল আসাদ জানান, একটি পক্ষ উসকানি দিয়ে এই কাজ করেছে। তাঁরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
শিয়ালকান্দা ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, স্কুলে গোপনে ব্যবস্থাপনা কমিটি গঠন ও তিনজনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে জমিদাতা ও এলাকাবাসীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।
জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, জমির মীমাংসা না হওয়া পর্যন্ত নিয়োগ বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া স্কুলে জমি–সংক্রান্ত যে সমস্যা রয়েছে, তা সমাধানে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।