দিনাজপুরে বিএডিসির খামার

বীজ ও চারা সংগ্রহে কৃষকের ভরসা

সারা দেশে ১৪টি অ্যাগ্রো সার্ভিস সেন্টার রয়েছে। দিনাজপুরের সেন্টারটি চারা-বীজ উৎপাদন ও আয়ের ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো প্রথম হয়েছে।

দিনাজপুর বিএডিসি অ্যাগ্রো সার্ভিস সেন্টারে শতাধিক প্রজাতির ফুল, ফল ও শোভাবর্ধনকারী গাছের চারা উৎপাদন করা হচ্ছে। চারা গাছের পরিচর্যায় ব্যস্ত এক শ্রমিক। গতকাল দুপুরে
ছবি: প্রথম আলো

৫২ একর জায়গায় বীজ ও চারা উৎপাদনের খামার। আছে নানা রকমের সবজির চারা। গ্রীষ্মকালীন টমেটো থেকে লাউ, ঢ্যাঁড়স, করলা, ঝিঙে, কলমিশাক, পুঁইশাক। রয়েছে ৩৫ জাতের আম, লিচু, আনার, ড্রাগনসহ নানা ফলের চারা। মৌসুমে সবজি ও ফলদ গাছের চারা সংগ্রহে খামারে আসছেন কৃষক।

দিনাজপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অ্যাগ্রো সার্ভিস সেন্টার এখন এলাকার কৃষকদের চারা সংগ্রহের বড় ভরসা। শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে চেহেলগাজী মাজারসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে এ খামার। সারা দেশে এ ধরনের ১৪টি অ্যাগ্রো সার্ভিস সেন্টার রয়েছে। দিনাজপুরের সেন্টারটি গুটিকলম, চারা-বীজ উৎপাদন ও আয়ের ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো প্রথম হয়েছে।

সেন্টারের কর্মকর্তারা বলেন, এ সেন্টারে ৩৫ জাতের আমের চারা, ১০ জাতের লিচু, ৮ জাতের আনার, ৫ জাতের মাল্টা, ৬ জাতের কমলা, আপেল, জাম, বরইসহ প্রায় ৭০ প্রজাতির ফলের উন্নত চারা, কলম, গুটিকলম, বীজ উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে এ সেন্টারের আয় ছিল ৫৪ লাখ টাকা। চলতি অর্থবছরে ইতিমধ্যে আয় হয়েছে ৪৮ লাখ টাকা।

সম্প্রতি খামারটিতে উচ্চফলনশীল ও বিভিন্ন প্রকার প্রতিকূলসহিষ্ণু জাতের বীজ উৎপাদন বৃদ্ধির কার্যক্রম নেওয়া হয়েছে। খামারে ঔষধি গুণসম্পন্ন চন্দন, দেশি নিম, বহেড়া, হরীতকী, অর্জুন, বাসক, কালোমেঘ, নিশিন্দা, অশোকগাছের চারাও পাওয়া যায়।

গত সোমবার বিকেলে বিএডিসির প্রদর্শনী প্লট ঘুরে দেখা যায়, মাঠজুড়ে লম্বা লম্বা বীজতলার বেড করা হয়েছে। তাতে লাগানো হয়েছে করলা, ঝিঙেসহ নানা ধরনের শাকসবজির চারা। মাঠের দক্ষিণে বারি হাইব্রিড বেগুন-২, হাইব্রিড টমেটো-১১–এর খেত। বেগুনখেতে কাজ করছেন কয়েকজন শ্রমিক। অ্যাগ্রো সেন্টারের উপপরিচালক মোজাফফর হোসেন প্রশিক্ষণ দিচ্ছেন শ্রমিকদের।

কিছুদিন আগে অফিস চত্বরজুড়ে করা হয়েছে ক্যাকটাস-অর্কিড শেড। তাতে ঝুলছে বাহারি অর্কিড, অর্নামেন্টাল প্ল্যান্ট। চত্বরের পাশেই শৌখিন মৎস্য কর্নারে নানা প্রজাতির মাছ। বৈঠকখানার আদলে সেবা ও প্রযুক্তি হস্তান্তর কর্নার করা হয়েছে।

দর্শনার্থীদের আকর্ষণ অর্কিড শেডকে ঘিরে। অ্যাগ্রো সেন্টারে ক্যাকটাস কিনতে এসেছিলেন মুনিরা শাহনাজ। তিনি বলেন, ‘এই পথ দিয়ে যাতায়াত করি। আগে জঙ্গলে ভরা ছিল অফিসের আশপাশ। হঠাৎ একদিন বাইরে থেকে দেখি, বেশ পরিচ্ছন্ন লাগছে। সাইনবোর্ড দেখে বুঝেছি, এটি কৃষি অফিস। এখানে চারা বিক্রির বিষয়টি জেনেছি পরে। আজ এসে ভালো লাগছে। ছাদকৃষি করার একটা দারুণ আইডিয়া পেলাম।’

সেন্টারে বানানো হয়েছে আধুনিক পলি হাউস। ক্ষতিকর কীটনাশক ছাড়াই নিরাপদ শাকসবজি উৎপাদন করা হচ্ছে এখানে। সদর উপজেলার চেহেলগাজী থেকে পেঁপের চারা কিনতে এসেছেন নজরুল ইসলাম। তিনি বলেন, ইদানীং অনেক চাষিই এখানে আসেন। বিভিন্ন শাকসবজির চারা নেওয়াসহ কৃষিবিষয়ক পরামর্শ পান এখানে। এবার ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর চারা কিনেছেন এখান থেকে। পেঁপের জন্য দুই বিঘা জমি প্রস্তুত করেছেন। সেই চারা কিনতে এসেছেন।

কর্মকর্তারা বলেন, বিএডিসি সদর দপ্তর থেকে গুটিকলম, চারা-বীজ উৎপাদন ও আয়ের ভিত্তিতে প্রতি জুলাই মাসে একটি তালিকা করা হয়। তালিকা অনুযায়ী, সর্বশেষ গত জুলাইয়ের ২৫ তারিখে দিনাজপুর অ্যাগ্রো সার্ভিস সেন্টারকে প্রথম ঘোষণা করা হয়।

কর্মকর্তারা আরও বলেন, খামারে ১১ জন কর্মকর্তা-কর্মচারীর বদলে মাত্র ৪ জন কাজ করছেন। নিয়মিত শ্রমিক কাজ করেন ৩০ জন। তবে মৌসুমে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা হয়।

প্রায় দুই বছর ধরে কেন্দ্রের উপপরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন মো. মোজাফফর হোসেন। তিনি জানান, যোগদানের পর থেকে চাষিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সর্বোচ্চ সেবা দেওয়া চেষ্টা করছেন। দিনাজপুরের এটি সম্ভাবনাময় একটি কেন্দ্র। প্রয়োজনীয় জনবল পেলে এখান থেকে সরকারি রাজস্ব আরও বাড়ানো সম্ভব হবে।