
গুদামে সারি করে রাখা সয়াবিন তেলের ৪০টি বোতল। পাঁচ লিটারের এসব বোতলের একটিতেও তেল নেই। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, বোতল খুলে বোতলের গায়ে লেখা মূল্যের তুলনায় বেশি দামে তেল বিক্রি করেছেন দোকানি। ভোক্তারাও নিরুপায় হয়ে তা–ই কিনছেন।
এই অপরাধে আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় এলাকার একটি দোকানের গুদামে অভিযান চালিয়ে দোকানি মাসুদ রানা ওরফে সদুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
সজল আহমেদ বলেন, সয়াবিন তেলের অবৈধ মজুত অনুসন্ধানের অংশ হিসেবে দৌলাতদিয়াড় এলাকার কুদ্দুস স্টোরে অভিযান পরিচালনা করা হয়। ওই দোকানির গুদামে তল্লাশি চালিয়ে ৫ লিটারের ৪০টি বোতল পাওয়া যায়। কিন্তু সব কটি বোতল ছিল তেলশূন্য। দোকানদার মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি স্বীকার করেন, বোতল খুলে বেশি দামে বিক্রি করেছেন। ৫ লিটারের প্রতিটি বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৭৬০ টাকা থাকলেও তা খুলে প্রতি লিটার ২০০ টাকায় বিক্রি করেছেন। বিক্রেতা প্রতি বোতলে অতিরিক্ত লাভ করেছেন ২৪০ টাকা। এ জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।