
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জনতা জুট মিলে আগুন লেগেছে। আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নয়টি ইউনিট এ আগুন নেভানোর কাজ করছে।
বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় এ পাটকল অবস্থিত। এটির মালিকানা আগে পারটেক্স গ্রুপের থাকলেও ৯ মাস আগে জনতা জুট মিল এটি কিনে নেয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, মিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে অনেক পাট। তবে বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পাটের আগুন কবে নিভবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওই কারখানার ব্যবস্থাপক রেজাউল ইসলাম বলেন, মিলের ৩ নম্বর ইউনিটের গর্দা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ৩ নম্বর ইউনিটে ছড়িয়ে পড়ে। ফলে পুড়ে যায় বিপুল পরিমাণ পাট। এতে ৬০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।
আগুন লাগার পর ফরিদপুর শহর, ভাঙ্গা, মধুখালী, বোয়ালমারী, সালথা, সদরপুর, নগরকান্দা এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসে নয়টি ইউনিট এ আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, পাটের আগুন সহজে নেভে না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন গুদামের পাট সরিয়ে নেভানোর কাজ চলছে। আগুন নেভাতে সপ্তাহখানেক লেগে যাবে।