চাঁদপুর শহরে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। পরে তাঁরা চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দেন।
আয়রন স্টিল ওয়ার্কশপ মালিক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা গতকাল রোববার অর্ধদিবস দোকানপাট বন্ধ রাখেন। ব্যবসায়ীরা বলেন, গত বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের নাজিরপাড়া ও প্রফেসরপাড়া এলাকার কিছু যুবক বিপণীবাগ এলাকায় খান হার্ডওয়্যারের পরিচালক দেলোয়ার হোসেন ও বাদশা হোটেলের মালিক আনোয়ার হোসেন বাদশার ওপর হামলা করে। আহত দেলোয়ার হোসেন এখন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে গত শুক্রবার চাঁদপুর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে তাঁদের ওপর কী কারণে হামলা করা হয়েছে, তা তাঁরা বলতে পারেননি।
স্মারকলিপি পেয়ে পৌরসভার মেয়র এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্যবসায়ী নেতাদের। এ সময় উপস্থিত ছিলেন আয়রন স্টিল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন বাদশা ও সমিতির অন্য নেতারা।