ব্যবসায়ীদের বাধার মুখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পণ্ড

বরিশাল নগরে ব্যবসায়ীদের বাধার মুখে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান পণ্ড হয়েছে। মঙ্গলবার নগরের বাংলাবাজার এলাকায় অভিযান চলাকালে ব্যবসায়ী ও পুলিশ সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ব্যবসায়ীরা এক জোট হয়ে সব দোকানপাট বন্ধ করে দিলে অভিযান শেষ না করেই ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ অন্যরা ওই এলাকা থেকে চলে যান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের সামান্য ভুল-বোঝাবুঝির কারণে এই ঝামেলা হয়েছে। তবে কিছুক্ষণ পরেই বিষয়টির নিরসন হয়।


ব্যবসায়ীদের অভিযোগ, বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাবাজারে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান শুরু হয়। সেখানে একটি মুদি দোকানে অভিযান চালানোর সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আজমল হোসেন স্থানীয় ব্যবসায়ী দিপুর ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে দিপুকে ধাক্কা দেন ও গালিগালাজ করে লাঞ্ছিত করেন ওই পুলিশ সদস্য। এ ঘটনায় সেখানকার ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বাজারের সব দোকানপাট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন এবং লাঞ্ছনার ঘটনার বিচার দাবি করেন। এরপর আদালতের কার্যক্রম বন্ধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যরা সেখান থেকে চলে যান।

বাজার পরিচালনা কমিটির সভাপতি আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সদস্যের সঙ্গে ব্যবসায়ীদের ঝামেলার বিষয়টি নিরসন হয়েছে। এরপর ব্যবসায়ীরা যে যাঁর দোকানে ফিরে গেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার সাংবাদিকদের বলেন, ‘পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, ওই সময়ই তা সমাধান করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা এভাবে দোকানপাট বন্ধ করে দিলে কীভাবে অভিযান চালানো সম্ভব? তবে আমাদের অভিযান নিয়মানুযায়ী চলছে এবং চলবে।’