চরফ্যাশনের ঢালচর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ থেকে তালিকা পাঠানো হয়। ১০১জন সহায়তা পেয়েছেন।
চেয়ারম্যানের ভাষ্য, যতটা না এদিক-ওদিক হয়েছে, তার থেকে বেশি প্রতিপক্ষ ষড়যন্ত্র।
ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ইউনিয়ন ঢালচর। ভাঙনকবলিত এই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে, যাতে অনুদান পাওয়া ব্যক্তিরা আবার ঘুরে দাঁড়াতে পারেন। অভিযোগ, অনুদানের চেক পেয়েছেন ঢালচর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী, ক্ষমতাসীন দলীয় কর্মী ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদারের স্বজনেরা।
সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ইউপি চেয়ারম্যানের ভাই সফল হাওলাদার ও হাফেজ হাওলাদার। দলীয় কর্মীদের মধ্যে আছেন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবদুর রহিম মাঝি ও তাঁর ভাই মো. ফরাসউদ্দিন মাঝি।
এ সম্পর্কে চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, তাঁর এক ভাই সফি হাওলাদার পঙ্গু বীর মুক্তিযোদ্ধা। তিনি বেকার, বাসায় পড়ে আছেন। আরেক ভাই সাইফুল হাওলাদার মসজিদে ইমামতি করতেন। মসজিদটি ভেঙে গেছে। এখন তিনি বেকার, আশ্রয়ণ প্রকল্পের ঘরে বাস করেন। তাঁরা সবাই ভাঙনকবলিত। তাই তাঁরা প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়েছেন।
চেয়ারম্যান আরও বলেন, যাঁরা দলীয় কোটায় সহায়তা পেয়েছেন, তাঁরা সবাই ভাঙনকবলিত এলাকার মানুষ। ঢালচরে কেউ ভাঙনের কারণে নিঃস্ব, কেউ ভাঙনের পরে সংগ্রাম করে কোনোরকম টিকে আছেন। ইউনিয়ন পরিষদ থেকে এ রকম ১ হাজার ৮০০ নামের তালিকা পাঠিয়েছিলেন। তিনবারে কাটছাঁট করে ১০১টি নাম টিকে আছে। এদিক-ওদিক হয়েছে। যতটা না এদিক-ওদিক হয়েছে, তার থেকে বেশি প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান দেওয়ার তালিকা তৈরির দায়িত্বে ছিলেন চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম।
আবুল কালাম পাটওয়ারী বলেন, তাঁকে ১০টি নাম দিয়েছেন। তাঁরা প্রকৃত হতদরিদ্র দলীয় কর্মী। যুগ্ম আহ্বায়ক যে ১০টি পেয়েছিলেন, তিনি নিজের স্বজনদের দিয়েছেন ছয়টি, বাইরের দলীয় কর্মীদের দিয়েছেন চারটি। বাকিগুলো চেয়ারম্যান নিজেই ঘরে-বাইরে বণ্টন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢালচরের একাধিক জেলে বলেন, চেয়ারম্যানের মাছের আড়তে যাঁরা মাছ বিক্রি করেন, তাঁর ব্যবসার সঙ্গে জড়িত, এমন ধনী ব্যক্তিরাও অনুদান পেয়েছেন। কিন্তু চেয়ারম্যানের আড়তে মাছ বিক্রি করেন না, এমন হতদরিদ্র ভাঙনকবলিতের নাম তালিকায় আসেনি।
স্থানীয় কয়েকজন বলেন, আবদুর রহিম মাঝির ঢালচরের বাড়ি মেঘনা নদীতে ভেঙে গিয়েছিল। এরপর তিনি জিন্নাগড় ইউনিয়নের কাশেমগঞ্জ বাজারের পাশে মুচির পোল এলাকায় পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ঢালচরে তাঁর কোটি টাকার মাছের ব্যবসা আছে। তারপরও তিনি সহায়তা পেয়েছেন।
অবশ্য আবদুর রহিম মাঝি বলেন, কয়েকবার নদীভাঙনে তিনি চরম ক্ষতির শিকার হয়েছেন। ব্যবসা-বাণিজ্যও ভালো চলছে না। এ কারণে দল তাঁর অবস্থা উপলব্ধি করে অনুদান দিয়েছে।
চরফ্যাশন উপজেলার ভাঙনকবলিত ইউনিয়ন আসলামপুর, চরমাদ্রাজ, জাহানপুর, হাজারীগঞ্জ, চর কুকরি-মুকরি, নজরুলনগর, আহাম্মদপুর, মুজিবনগর, চরকলমি, ঢালচরের ২৬৭ জনকে ১ কোটি ৬০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এর মধ্যে ঢালচরের ভাঙনকবলিতদের মধ্যে ১০১ জন অনুদান পেয়েছেন। এক প্রশ্নের জবাবে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আনিছুর রহমান বলেন, ‘আবদুর রহিম মাঝি কোটিপতি কি না জানি না। তবে শুনেছি, ভাঙনে তিনি নিঃস্ব হয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, গত ৩০-৩১ মে চেক বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান ভাঙনকবলিত পরিবারের তালিকা তাঁদের কাছে জমা দিয়েছেন। কে দলীয় কর্মী, আর কে কোটিপতি, সেটা বাছাইয়ের সুযোগ ছিল না।