ব্রহ্মপুত্র নদের পাশে পড়ে ছিল চা–দোকানির লাশ

ময়মনসিংহ জেলার মানচিত্র
ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহ নগরের কাচারিঘাট এলাকার একটি ডোবা থেকে খলিলুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ডোবাটি ব্রহ্মপুত্র নদের পাশে। আজ রোববার দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

খলিলুর রহমান কাচারিঘাট এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া পশ্চিমপাড়া গ্রামে।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের পাশের একটি ডোবায় খলিলুর রহমানের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, লাশটি দেখে দুর্ঘটনায় মৃত্যু নাকি হত্যাকাণ্ড, কিছুই বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকেও কাউকে সন্দেহের কথা বলা হয়নি।