
ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর, কাশি নিয়ে এক অটোরিকশার চালকের (২০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর গলায় টনসিলের সমস্যাও ছিল।
ওই যুবকের বাড়ি আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে। মৃত্যুর পর হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর সোমবার দিবাগত রাত তিনটার দিকে গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হয়। মৃত্যুর পর তাঁর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মারা যাওয়া যুবকের চাচা জানান, ওই যুবক বেশ কিছুদিন যাবৎ গলায় টনসিলের সমস্যা নিয়ে ভুগছিলেন। টনসিলের সমস্যার কারণে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে তাঁর শরীরে জ্বর ও কাশি দেখা দেয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি জানানো হলে পুলিশের উপস্থিতিতে লাশ দাফন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। ইতিমধ্যে তাঁর বাড়িসহ আশপাশের সব বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।