ফরিদপুর পৌর বাস টার্মিনাল

ভাঙাচোরা, পানি-কাদায় পরিপূর্ণ, চরম দুর্ভোগ

নর্দমাগুলোর সব মুখ বন্ধ হয়ে গেছে। টার্মিনালের শৌচাগারের ময়লা ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হচ্ছে।

  • পৌরসভার উদ্যোগে এ বাস টার্মিনালটি নির্মাণ করা হয়।

  • পুরো টার্মিনাল চত্বর ফেটে চৌচির হয়ে গেছে। চত্বরজুড়ে ছোট-বড় গর্তের কারণে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে।

দীর্ঘদিন সংস্কার না করায় ফরিদপুর পৌর বাসস্ট্যান্ডটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো টার্মিনাল চত্বর ফেটে চৌচির হয়ে গেছে। চত্বরজুড়ে ছোট-বড় গর্তের কারণে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে, হয় কাদা। নর্দমাগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি যাওয়ার কোনো সুযোগ নেই। তাই সারা বছরই টার্মিনালটি থাকে খানাখন্দে ভরা ও পানি-কাদায় পরিপূর্ণ।

বর্তমানে এ বাস টার্মিনাল থেকে প্রতি দিন ২১২টি বড় বাস ও ১৮৩টি মিনিবাস বিভিন্ন পথে যাতায়াত করে। তবে ধারণক্ষমতা কম থাকায় ১০০টি বাসের বেশি এ টার্মিনালে রাখা যায় না।

জেলা মালিক সমিতির কাউন্টার মাস্টার গোয়ালচামট এলাকার মো. মোশাররফ হোসেন (৬৩) বলেন, মাঝেমধ্যে গর্ত ভরাট করার জন্য কিছু ইট দেওয়া হয়। দুই-তিন দিন পর তা উঠে যায়। কাউন্টারে আসা অটোরিকশা প্রায়ই টার্মিনালের ভেতরে খাদে পড়ে গেলে যাত্রীদের নাস্তানাবুদ হতে হয়।

এলাকাবাসী ও পৌরসভা সূত্রে জানা গেছে, স্বাধীনতা–পরবর্তী শহরের গোয়ালচামট এলাকায় শরীয়তুল্লা বাজারের পশ্চিম পাশে চলাচলকারী বাসগুলো থাকত। তখন শহরে পৌর বাস টার্মিনাল বলে কিছু ছিল না। ১৯৭৯-৮০ সাল নাগাদ ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে পৌরসভার জায়গায় প্রথম পৌর বাস টার্মিনাল স্থাপন করা হয়। তখন ঢাকা, খুলনা, বেনাপোল, মাদারীপুর, গোপালগঞ্জ এবং জেলায় অভ্যন্তরীণ কয়েকটি রুটে বাস চলাচল করত। গাড়ি ও রুটের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থান সংকুলান না হওয়ায় পরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের কাছাকাছি ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ পাশে গোয়ালচামট এলাকায় পৌরসভার উদ্যোগে এ নতুন বাস টার্মিনালটি নির্মাণ করা হয়।

শহরের ওয়্যারলেসপাড়া এলাকার বাসিন্দা ও বোয়ালমারী রুটে চলাচলকারী ‘মায়ের দোয়া’ বাসের চালক মো. জাকির হোসেন (৪২) বলেন, ‘এ টার্মিনালটি আমাদের জন্য লজ্জার বিষয়। পৌরসভার মেয়র বা ইজারাদার কেউ আমাদের দিকে ফিরে তাকান না।’

টার্মিনালে গত বৃহস্পতিবার কথা হয় মাগুরা খানপাড়া এলাকার বাসিন্দা বাসযাত্রী হাসিনা ইয়াসমিনের (৪২) সঙ্গে। তিনি বলেন, ‘এ টার্মিনালে ঢোকা আমাদের জন্য ভোগান্তি। বাচ্চা কোলে ব্যাগ নিয়ে খুব কষ্ট করে বাসে উঠেছি।’

গত শনিবার সালথা-রুপপাত রুটের কাউন্টার মাস্টার রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন (৫৬) বলেন, ‘টার্মিনালের ভেতরে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। ইজিবাইক গর্তের পানিতে পাল্টি খায়। মানুষও গর্তে পড়ে। যাত্রীরা আমাদের ওপর রেগে যান। আমাদের করার কিছু নেই। পৌরসভা এ টার্মিনালের নর্দমা পরিষ্কার করে না। ময়লা আটকে যাওয়ায় পানি বের হয় না। পৌরসভার কোনো উদ্যোগ নেয় না।’

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, বড় বড় গর্ত হওয়ায় টার্মিনালে গাড়ি ঢোকানোর কায়দা নেই। বৃষ্টি হলে কাদাপানি জমে এক বিশ্রী অবস্থার সৃষ্টি হয়। মেয়র গত বছরের প্রথম দিকে কিছু কাজ করেছিলেন, তা টেকেনি। টার্মিনালের পেছনের দিকে কিছু গ্যারেজ আছে, সেখানে মাসের পর মাস বাস ফেলে রাখা হয়। ফলে জায়গা কমে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। নর্দমাগুলোর সব মুখ বন্ধ হয়ে গেছে। ফলে পানি বের হয় না। টার্মিনালের শৌচাগারের ময়লা ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হচ্ছে।

জোবায়ের জাকির আরও বলেন, ‘এ টার্মিনালে বার্ষিক ভিত্তিতে যাঁরা ইজারা নেন, তাঁদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা। প্রতিদিন একেকটি বাস বাবদ ইজারাদারকে ২০ টাকা করে দেওয়া হয়। অতীত থেকে বর্তমান পর্যন্ত এ ব্যাপারে ইজারাদারের কোনো ভূমিকা দেখিনি।’

চলতি বছর এ টার্মিনালটি ২০ লাখ ২০ হাজার টাকায় ইজারা নিয়েছেন জেলা বাসমালিক গ্রুপের সাবেক সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, ‘গত ১ বৈশাখ থেকে এ টার্মিনাল ইজারা নিয়েছি। এর আগে যাঁরা ইজারা নিয়েছেন, তাঁরা এ ব্যাপারে কোনো ভূমিকা রাখেননি।’ তিনি বলেন, টার্মিনালটি সচল রাখতে তিনি চেষ্টা করবেন। তবে এ টার্মিনালটি পৌরসভার। এর সংস্কারের দায়িত্ব তাদের। এ বিষয় নিয়ে পৌর মেয়রের সঙ্গে বসবেন তিনি।

এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ২০২১ সালের জানুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার পর দেড় লাখ টাকা খরচ করে বাস টার্মিনাল সংস্কার করেছেন। বর্তমানে পর্যাপ্ত তহবিল না থাকায় টার্মিনাল সংস্কার নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। তবে নর্দমাগুলো যাতে সচল করা যায় শিগগিরই সে উদ্যোগ নেওয়া হবে।