
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ে আধুনিকা খান (৮) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত আধুনিকা খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
বিদ্যালয় ও আহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কক্ষে পাঠদান চলছিল। এ সময় আধুনিকা খানের ঘাড় ও বাহুতে জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সে আহত হয়। বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম প্রসাদ পাল বলেন, ‘২০০৪ সালে নির্মিত ভবনটি জরাজীর্ণ হয়ে গেছে। নতুন ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। আমরা শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কের মধ্যে শ্রেণিকক্ষে পাঠদান করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
ভান্ডারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন খলিফা বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে অবহিত করেছেন। জরাজীর্ণ শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে।’