
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে স্বদেশে পাঠানোর সময় পাঁচ নাগরিককে ফেরত নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রাষ্ট্রীয় কাগজপত্র না পাওয়ার কথা জানিয়ে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ।
যে পাঁচজনকে ফেরত পাঠানো হয়েছে, তাঁরা হলেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ এলাকার আলম মিয়া, আসামের ধুবড়ী জেলার হাট সিংগীমারী এলাকার মো. নুরুজ্জামান, দক্ষিণ মাইনকারচর জেলার হাট সিংগীমারী এলাকার সেলিম মিয়া, জাহাঙ্গীর আলম ও মাহা আলম শেখ।
কুড়িগ্রামের কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সাজা শেষে স্বদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা কারাগার থেকে ভারতীয় পাঁচ নাগরিককে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় কাগজপত্র না পাওয়ার কথা জানিয়ে বেলা আড়াইটার দিকে তাঁদের গ্রহণ না করে আবার বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেল সুপার মো. ইসমাঈল হোসেন, সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন, বেসরকারি কারা পরিদর্শক আহসান হাবীব প্রমুখ।
জেল সুপার মো. ইসমাঈল হোসেন জানান, মাদক বহন ও পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২০২০-২১ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাত ভারতীয় নাগরিক আটক হন। পরে অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজা শেষে ভারতীয় পাঁচ নাগরিককে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। বিএসএফ পাঁচ ভারতীয় নাগরিককে গ্রহণ না করায় তাঁদের আবার কুড়িগ্রাম কারাগারে ফেরত আনা হয়েছে।
এদিকে ওই পাঁচজন ছাড়াও ভারতের পক্ষ থেকে কাগজপত্রের জটিলতার কারণে ধুবড়ী জেলার দ্বীপ শালমারা এলাকার তৈয়ব আলী ও গোলজার আলী এখনো কুড়িগ্রাম কারাগারে বন্দী। যদিও তাঁদের সাজার মেয়াদ ১ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন বলেন, উভয় দেশের নাগরিক বিভিন্ন কারাগারে আছেন। সাজার মেয়াদ শেষ হলেও তাঁরা দেশে ফিরতে পারছেন না। আজকে যাঁদের স্বদেশে ফেরাত পাঠানো হচ্ছিল, তাঁরা সাজার বাইরেও ছয় মাস থেকে এক বছর বিনা বিচারে জেল খেটেছেন। এটা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। সাজা শেষের সঙ্গে সঙ্গে নাগরিকেরা যাতে নিজের দেশে ফিরতে পারেন, সে জন্য দুই রাষ্ট্র থেকে জরুরি উদ্যোগ নিতে হবে।