
সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার আরও দুটি রোহিঙ্গা পরিবারের নয়জন সদস্য কক্সবাজারের টেকনাফের দুটি আশ্রয়শিবিরে প্রবেশ করেছেন। ক্যাম্প দুটিতে তাঁদের শনাক্ত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এর মধ্যে সাত সদস্যের একটি রোহিঙ্গা পরিবার আশ্রয় নেয় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল আশ্রয়শিবিরে। এক রোহিঙ্গা বৃদ্ধ দম্পতি আশ্রয় নিয়েছে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী আশ্রয়শিবিরে।
প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিকেলে আশ্রয়শিবিরে আসা রোহিঙ্গাদের বরাতে এপিবিএন থেকে জানানো হয়েছে, তাঁরা ভারতের জম্মু-কাশ্মীর রোহিঙ্গা ক্যাম্প থেকে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
এক পরিবারের সাতজন হলেন– গুলবাহার (৬০), আবু তাহের (২৭), হামিদা বেগম (২৪), আবুল মনসুর (২১), ইয়াছমিন (১৮), খুরশিদা (৩) ও আয়েশা (৫ মাস)। দালালের মাধ্যমে ভারত থেকে মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানান তাঁরা। বেলা তিনটার দিকে গোপনে হোয়াইক্যং চাকমারকুল আশ্রয়শিবিরের ই-১ ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ঘরে আশ্রয় নেন। পরে পুলিশ তাঁদের আটক করে।
আলীখালী আশ্রয়শিবিরে প্রবেশ করা রোহিঙ্গা মো. জামাল (৬৫) ও তাঁর স্ত্রী নূর জাহান (৬০) জম্মু–কাশ্মীর থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশে প্রবেশ করেন। আজ আটটার দিকে আলীখালী আশ্রয়শিবিরে ডি-২০ ব্লকে বসবাসরত তাঁদের মেয়ে গোল মরিজানের ঘরে আশ্রয় নেন। এই দম্পতি জানান, ২০১৮ সালে দালালের মাধ্যমে ভারতের জম্মু-কাশ্মীরের আশ্রয়শিবিরে গিয়েছিলেন তাঁরা। এরপর সেখানে চার বছর বসবাস করে আবার দালালের মাধ্যমে কুমিল্লা সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে চলে এসেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, আশ্রয়শিবির থেকে উদ্ধার রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সহকারীদের অবহিত করা হয়েছে। এরপর সন্ধ্যায় ওই দুটি পরিবারের নয়জন সদস্যকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এ বিষয়ে ব্যবস্থা নেবে।
কিছুদিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারকে লিখিতভাবে জানিয়েছে। কিন্তু তারপরও ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না।