
টাঙ্গাইলের সখীপুরের যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারা যাওয়ার পর দুজন যুগ্ম সাধারণ সম্পাদক নিজেদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলে দাবি করছেন। উভয়েই ছবিসহ নিজেদের পোস্টার-ব্যানার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করছেন। এতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ৯ মে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকে ওই ইউনিয়নে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ পাওয়া নিয়ে লবিং-গ্রুপিং শুরু হয়। ওই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন দুজন। ১ নম্বরে হারুন অর রশীদ এবং ২ নম্বরে মাসুদ রানা। ২৪ মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সই করা দলীয় প্যাডে হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করে একটি চিঠি ফেসবুকে প্রচার হয়। এরপরই আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা তাঁর ফেসবুক আইডিতে নিজেকে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেন। মাসুদ রানার পক্ষে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী নেতা–কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালান।
৯ মে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকে ওই ইউনিয়নে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ পাওয়া নিয়ে লবিং-গ্রুপিং শুরু হয়।
এ ব্যাপারে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এ ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের বাড়ি। ২০ মে ইউনিয়ন আওয়ামী লীগের একটি কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতভাবে মাসুদ রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২৪ মে উপজেলা আওয়ামী লীগের শুধু সভাপতির সই করা চিঠিতে হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার কথা শুনে বিস্মিত হয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়ন ও জেলা আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা না করেই একজনের সই করা চিঠির কোনো বৈধতা নেই।’
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার প্রথম আলোকে বলেন, বিধি মোতাবেক সভাপতি মারা গেলে ১ নম্বরে নাম থাকা সহসভাপতি যিনি, তিনিই সভাপতির দায়িত্বপালন করবেন। তেমনিভাবে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করবেন।
হারুন অর রশিদ বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ বিধিমোতাবেক আমাকে মনোনীত করেছে।’ অপর দিকে মাসুদ রানা দাবি করেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভায় সর্বসম্মতভাবে আমাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, এ পদের দাবিদার দুজন হওয়ায় উপজেলা আওয়ামী লীগও দুই ভাগে ভাগ হয়ে গেছে। দলের স্বার্থে বিষয়টি নিরসন হওয়া প্রয়োজন।