ভালুকায় অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার, হত্যা মামলা

লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকাল বুধবার রাতে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব রশীদ বাদী হয়ে এ মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভালুকা পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ড এলাকার সালাম মার্কেটের কাছাকাছি খিরু নদের পাড়ে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখ ও মাথায় আঘাতের চিহ্ন আছে এবং মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় ছিল।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই তরুণীর গায়ে গোলাপি রঙের প্রিন্টের জামা ও লাল রঙের সালোয়ার ছিল। তরুণীর আনুমানিক বয়স ২১ বছর।

পুলিশের ধারণা, ওই তরুণী কোনো কারখানার শ্রমিক ছিলেন। হত্যার পর গত মঙ্গলবার রাতে কোনো এক সময়ে ওই স্থানে লাশটি ফেলে যেতে পারে দুর্বৃত্তরা। যে স্থানে লাশটি পড়ে ছিল, তার পশ্চিম পাশে খিরু নদের পাড়ে দুটি ডায়িং কারখানা আছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, নিহত তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।