
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্যই মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। সেই বিজয়ের মাসেই বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইতিহাস বদলানো যাবে না।’
আজ সোমবার বিকেল চারটার দিকে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুর মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি অসংখ্যবার চেষ্টা করেছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারেনি। ষড়যন্ত্রকারীরা ভাবে না, বঙ্গবন্ধু শুধু এ দেশের নেতা নন, তিনি বিশ্বনেতা। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা কখনোই সফল হবে না।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য অসংখ্য মুক্তিকামী মানুষ প্রাণ দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। স্বাধীনতাবিরোধীরা ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মুক্তিকামীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করেছিল। আজও তারা ভাস্কর্য নিয়ে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। যারা এখনো এসব উসকানিমূলক কর্মকাণ্ড করছেন, তাদেরকে সঠিক পথে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মুক্ত দিবস উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাকিয়া তাবাসসুম, দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলামউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।
প্রতিমন্ত্রী এর আগে সকাল ১০টায় বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে বিরল উপজেলা মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠান শেষে ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সময়ে ৭ নম্বর সেক্টরের ৭৪ নম্বর গ্রুপে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ৭৪ নম্বর গ্রুপের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন।