
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাকে তালাক দেওয়ার জেরে তিন ছেলের হামলায় বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৫০)। তিনি উপজেলার বাঘা কান্দিগাঁও গ্রামের মৃত বতাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়া ১৫ দিন আগে প্রথম স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তিনি প্রথম স্ত্রী ও তিন ছেলে তামিম আহমদ, মাসুম আহমদ ও নাজিম আহমদকে বাড়ি আসতে নিষেধ করেন। জমিজমা নিয়ে বিরোধ ও স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় তোতা মিয়ার সঙ্গে ছেলেদের ঝগড়া হয়। ঝগড়ার পর রাত ৮টার দিকে তোতা মিয়া পরগনা বাজারে যান। এ সময় ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের বাবার ওপর হামলা চালান পরে গুরুতর আহত অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় রাত ১০টার দিকে গোলাপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, লাশ রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।