মাছের ঘেরের বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

সাতক্ষীরায় চুরি ঠেকানোর জন্য মাছের ঘেরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে রমজান আলি (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের ‘মোড়ল ফিস’ নামের সাদা মাছের একটি প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ঘেরের মালিক ও কর্মচারীরা আত্মগোপনে চলে গেছেন। এর আগে ওই মাছের ঘেরের বিদ্যুতের তারে জড়িয়ে বড় দুর্ঘটনা ঘটলেও ঘের কর্তৃপক্ষ কোনো অভিযোগ আমলে নেয়নি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে। কিশোর রমজান আলি ধুমঘাট গ্রামের দিনমজুর শুকর আলির ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাবুল হোসেন ও আবদুস সোবহান জানান, আজ সকালে ঘেরের কর্মচারীরা মোড়ল ফিস প্রকল্পে মাছ ধরছিলেন। এক বন্ধুর সঙ্গে সেখানে মাছ নেওয়ার জন্য যায় রমজান। ওই সময়ে রাতের নিরাপত্তাবেষ্টনী হিসেবে ব্যবহৃত মাটি ঘেঁষে নিয়ে যাওয়া বিদ্যুতের তারে কিশোরের পা জড়িয়ে যায়। তারটির আচ্ছাদন ফাটা ছিল। সঙ্গে সঙ্গে রমজান চিৎকার দিয়ে বন্ধু ও ঘেরের কর্মচারীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিরেন মণ্ডল কিশোরের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করে আগের দুর্ঘটনার বিষয়গুলোও তুলে ধরেন। তিনি জানান, মোড়ল ফিস প্রকল্পের বিদ্যুতের তারে জড়িয়ে সম্প্রতি আবুল হোসেনের একটি গরু মরে যায়। কয়েক দিন আগে স্থানীয় সুবোল মণ্ডলের স্ত্রী সুনীতি মণ্ডল ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁর একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন করতে হয়। এক বছর আগে প্রকল্পের একটি পুকুরের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

ইউপি সদস্য বিরেন মণ্ডল বলেন, বিদ্যুতের তারের আচ্ছাদন ফেটে যাওয়ার পাশাপাশি তার উঁচু করে না দেওয়ায় নিরাপত্তাঝুঁকি রয়েছে সেখানে। বিষয়টি প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর পালিয়ে গেছেন প্রকল্পের মালিক সামিউল ইসলাম ও ব্যবস্থাপক সাইফুল ইসলাম। অভিযোগের বিষয়ে জানতে তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।

পল্লী বিদ্যুৎ বিভাগের শ্যামনগর অঞ্চলের উপ–মহাব্যবস্থাপক মধুসুদন রায় জানান, আপাতত প্রকল্পের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। মিটার থেকে এতটা দূরে বিপজ্জনকভাবে তার টেনে নেওয়ার বিষয়টির সঙ্গে বিদ্যুৎ বিভাগের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।