মাছের দরদাম নিয়ে দুই ক্রেতার তর্ক, মারপিটে প্রাণ গেল একজনের

মারধর
প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছিতে মাছ কেনাকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চাকরাইল গ্রামে এ ঘটে। নিহত সামছুল হক (৫৮) ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দর্জি ছিলেন। এ ঘটনায় তাঁর মেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে এক ব্যক্তি প্রায় আড়াই কেজি দেশি প্রজাতির ছোট মাছ চাকরাইল গ্রামের বটতলীতে বিক্রি করতে আনেন। ওই গ্রামের বাসিন্দা সামছুল হক মাছগুলো কেনার জন্য দরদাম করছিলেন। এ সময় সামছুল হকের প্রতিবেশী শিপন মণ্ডল সেখানে গিয়ে ওই মাছগুলোর দরদাম শুরু করেন। এ নিয়ে সামছুল হক ও শিপনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন মারামারি শুরু করেন। মারামারিতে সামছুল হক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকেরা সামছুল হককে মৃত ঘোষণা করেন।

উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বন্যা বসাক বলেন, সামছুল হককে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরি বিভাগে আনা হয়েছিল। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মাছের দরদাম করা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর প্রতিপক্ষের মারপিটে সামছুল হক মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহত সামছুলের মেয়ে বাদী হয়ে শিপন মণ্ডল নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় একটা হত্যা মামলা করেছেন। শিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।