শেরপুরের শ্রীবরদীতে মাদক কেনাবেচার দায়ে গতকাল রোববার মো. ফরিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা বেগম এ সাজা দেন। ফরিদ উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচূড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদ মিয়া মাদকের ব্যবসা করছেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে তাঁর (ফরিদ) বাড়িতে অভিযান চালান। এ সময় ফরিদের বসতঘর থেকে ৪০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার পর বিকেলে ফরিদ মিয়াকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।