
মাদারীপুরে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে শহরের তরমুগরিয়া এলাকার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সজল সূত্রধর (২৮), ইটেরপুল এলাকার নয়ন ফকির (১৮), আমিরাবাদ এলাকার রাকিব তালুকদার (১৫), আশিক সরদার (১৪) ও হাজিরহাওলা এলাকার রাসেল হাওলাদার (২৪)। বাকিরা শহরের নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালসহ আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গতকাল রাতে কলেজ রোড এলাকার হাসান মাদবরের সঙ্গে আমিরাবাদ এলাকার রাকিব তালুকদারের কথা-কাটাকাটি হয়। এর জেরে হাসান তাঁর বন্ধুদের সহযোগিতায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে জড়ো হয়ে হামলার প্রস্তুতি নেন। এ খবর ছড়িয়ে পড়লে রাকিবের বন্ধুরাও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় সেখানে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সজল সূত্রধর সংঘর্ষ থামাতে গেলে তিনিও হামলার শিকার হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান বলেন, সংঘর্ষে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সজল সূত্রধর বলেন, ‘আমাদের স্কুলের বেশ কয়েক ছাত্র সংঘর্ষে জড়িয়ে গিয়েছিল। কোনো মারামারি যেন না হয়, সে জন্য আমি ছাত্রদের বাড়িতে ফেরাতে চেষ্টা করি। তবে ওই সময় অতর্কিতভাবে আমার ওপর হামলা চালানো হয়।’
তরমুগরিয়া এলাকার বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল হক বলেন, এ এলাকায় কিশোরদের দুটি গ্রুপ আছে। গ্রুপ দুটি ‘বড় ভাইদের’ নেতৃত্বে চলে। ওই বড় ভাইয়েরা আবার ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী। বড় ভাইদের সহযোগিতায় রাতে ওই কিশোর-তরুণেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান বলে তিনি দাবি করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, স্থানীয় কিশোর-তরুণদের মধ্যে সিনিয়র ও জুনিয়রদের নেতৃত্বকে কেন্দ্র করে এ সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।