
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গুরপাড়া গ্রামের বাড়ির একটি ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
এই তিনজন হলেন আঙ্গুরপাড়া গ্রামের আসাদুজ্জামান রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), তাঁর বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কথা আক্তার (১২)। এ ঘটনায় গৃহকর্তা আসাদুজ্জামান রুবেলকে আটক করা হয়েছে।
পুলিশ, নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ও লাভলী দম্পতির মধ্যে পারিবারিক কহল চলে আসছিল।
বেশ কিছুদিন ধরে রুবেল ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাদের পারিবারিক কলহ বাড়তে থাকে। আজ ভোরে তাদের টিনের ছাপড়া থেকে গোঙরানির শব্দ শুনতে পান পাশের ঘরে থাকা রুবেলের স্বজনেরা। এরপর ঘরের বাইরে থেকে ডাকাডাকি করলে কেউ সাড়া দেননি। পরে ঘরের বাইরে থেকে দরজার শেকল খুলে ভেতরে গিয়ে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ দেখতে পান স্বজনেরা। এ সময় রুবেল ঘরে ছিলেন না।
খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এর পরপরই ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবণী ও ঘিওর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর ময়নাতদন্তের জন্য লাশগুলো জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রুবেলের চাচাতো ভাই শরীফুল ইসলাম বলেন, স্থানীয় বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকার একটি ফার্মেসিতে কাজ করতেন রুবেল। সম্প্রতি তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এসব নিয়ে দাম্পত্য কলহ ছিল।
এ ঘটনার পর সকালে স্থানীয় লোকজন করে পুলিশে সোপর্দ করেন। এই খবরের সত্যতা নিশ্চিত করে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।