মানিকগঞ্জে সড়কে প্রাণ গেল মা-ছেলেসহ তিনজনের

গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী বাসের সামনের অংশ। আজ দুপুরে মানিকগঞ্জ সদরের মুলজান এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা, ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত  ব্যক্তিরা হলেন হাসনা বেগম (৬০) ও তাঁর ছেলে হাফিজুর রহমান। তাঁদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। নিহত অপর ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ধুবুরিয়া বাসস্ট্যান্ড থেকে নিউ ভিলেজ লাইন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার গাবতলীতে যাচ্ছিল। বেলা দুইটার দিকে মানিকগঞ্জ সদরের মুলজান এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় হাসনা বেগম ও তাঁর ছেলে হাফিজুর ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেন। এরপর আহত ১২ জনকে উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, হাসপাতালে বর্তমানে ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, নিহত তিনজনের লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।