
জনগণই সব ক্ষমতার উৎস। খালেদা জিয়াকে যারা ‘টুস’ করে পানিতে ফেলে চুবাতে চায়, জনগণ তাদের ‘ঠাস’ করে ক্ষমতা থেকে ফেলে দেবে। ‘টুস’ নয়, শুধু অপেক্ষা ‘ঠাস’ করে আওয়ামী লীগ সরকারকে পানিতে ডুবিয়ে দেওয়ার। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ। খালেদা জিয়াকে ‘হত্যার হুমকি’সহ দেশে বিএনপি নেতা-কর্মীদের হত্যা, মামলা ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ বলেন, তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় টিকে থাকতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে নীলনকশার পরিকল্পনা করছে। তাই নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে না। কারণ, আওয়ামী লীগ জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা একটি আসনও পাবে না।
বিএনপির শাসনামলে নিত্যপণ্যের বাজারসহ সবকিছু সাধারণ মানুষের নিয়ন্ত্রণে ছিল মন্তব্য করে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ বলেন, ‘বিএনপি জনগণের কথা ভাবে। আর আওয়ামী লীগ নিজেদের গোছাতে ব্যস্ত থাকে। তারা এখন দাবি করে পদ্মা সেতু সবচেয়ে বড় অর্জন। কিন্তু তা হতে পারে, তবে তা দলের নেতা–কর্মীদের লুটপাট করে ধনী হওয়ার বড় অর্জন। আওয়ামী লীগ ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যায়। জনগণকে ভোট দেওয়ার কোনো সুযোগ তারা দেয়নি। এটা তাদের স্বভাবসুলভ চরিত্র। এ কথা স্পষ্ট বিএনপি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না।’
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. রফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফা জেসমিন, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।
দেশের কোনো মানুষ এই মুহূর্তে ভালো নেই মন্তব্য করে জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, ‘এমন কোনো জিনিস নেই, রাত পোহাতেই যেটির দাম বাড়ছে না। সাধারণ মানুষ বাজারে গিয়ে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসছে। সরকার কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের মূল্য বৃদ্ধি করছে। আওয়ামী লীগ শুধু মুখে মুখে উন্নয়ন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু অন্তরে তা ধারণ করে না। একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে প্রমাণ করুক তাদের জনপ্রিয়তা কতটুকু।’
সভাপতির বক্তব্যে আনোয়ারুল হক বলেন, ‘সবকিছুর দাম বাড়িয়ে আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করছেন। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। দেশের অর্থনীতি এখন ধ্বংসের পথে। ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। টাকার মান কমে যাচ্ছে। দেশের অবস্থা ভয়াবহের দিকে যাচ্ছে।’