
বরিশালের হিজলা উপজেলা সদরে জুতা কিনতে গিয়ে তর্কের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় সড়ক অবরোধ করেছেন খুননা বাজারের ব্যবসায়ীরা। আজ শনিবার সকালে দোকান বন্ধ রেখে তাঁরা বিক্ষোভ করেন।
পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীরা কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ব্যবসায়ীরা বলেন, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাজারের তারেক হোসেনের দোকানে জুতা কেনার জন্য যান রিপন ব্যাপারীর স্ত্রী শিল্পী বেগম। শিল্পী আন্ধারমানিক ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য। এ সময় একটা স্যান্ডেল দেখতে গিয়ে চাপ দিয়ে ভেঙে ফেলেন তিনি। এরপর শিল্পীর স্বামী রিপন সেখানে যান ও দোকানমালিক তারেকের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। এতে ক্ষিপ্ত হন রিপন। এরপর সন্ধ্যা ৬টার দিকে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ওই দোকানে হামলা চালান তিনি। এ সময় দোকানটি ভাঙচুর ও তারেককে মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যান। এরপর তাঁরা তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাতেই এ ব্যাপারে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন তারেক। অপর দিকে রিপন ব্যাপারীর স্ত্রী ও ইউপি সদস্য শিল্পী বেগমও পৃথক একটি অভিযোগ দেন থানায়। ব্যবসায়ী তারেকের দেওয়া অভিযোগটি আজ সকাল পর্যন্ত মামলা হিসেবে এজাহারভুক্ত করা হয়নি। এতে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা।
সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সৈয়দ গোলাম রব্বানি, সাবেক যুগ্ম সম্পাদক শ ম হুমায়ুন, শিক্ষক আবদুল মন্নান খান, বর্তমান সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক হেলাল মীর, আবদুর রাজ্জাক প্রমুখ।
স্থানীয় ব্যক্তিরা বলেন, আজ সকাল ১০টায় ব্যবসায়ীরা তাঁদের দোকান বন্ধ করে সড়কে নেমে আসেন। এ সময় তাঁরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে মানববন্ধন ও সমাবেশ করেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া সমাবেশস্থলে আসেন। তাঁরা লিখিত আবেদনটি এজাহার হিসেবে নেওয়া ও অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর ব্যবসায়ীরা কর্মসূচি স্থগিত করেন। তবে ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার না করা হলে আবার কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, দুই পক্ষই থানায় পৃথক দুটি অভিযোগ দিয়েছে। তাঁরা তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন। এখনো কোনো পক্ষের অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়নি। যেহেতু দুই পক্ষ একই এলাকার, তাই বিষয়টি স্থানীয়ভাবে নিরসনের চেষ্টা চালানো হচ্ছে।