
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও-পরবর্তী ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় সাগর মিয়া নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার চরগোয়ালদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর মিয়া (৩৫) উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের আবদুল বাতেনের ছেলে। তিনি হেফাজতে ইসলামের সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাগরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে উপজেলার চরগোয়ালদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে ৩ এপ্রিল সোনারগাঁর একটি রিসোর্টে ঘেরাওয়ের পর ভাঙচুর-সহিংসতার ঘটনা ঘটে। ওই সহিংসতার ঘটনায় সাতটি মামলা হয়। এসব মামলায় পুলিশ হেফাজতে ইসলামের ৭৬ কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।