মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত মা

‘মা তো নেই, বায়না করব কার কাছে’

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত হন সাবিনা ইয়াসমিন। বড় সন্তান হুমায়রাকে জড়িয়ে বাবা রফিকুল ইসলামের কান্না
ফাইল ছবি

প্রতিবছর মা-বাবার সঙ্গে নানার বাড়িতে ঈদ করে দুই বোন। ঈদ করতে এবারও নানার বাড়িতে এসেছে তারা। শুধু নেই তাদের মা। গত ২৯ মার্চ মেয়েদের নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে রাজধানীর ভাসানটেকের নেভি মার্কেটের সামনে বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে আহত হন মা সাবিনা ইয়াসমিন ও দুই মেয়ে। হাসপাতালে নেওয়ার পথে দুই মেয়ের সামনে মারা যান সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিনের (৩৫) বড় মেয়ে হুমাইরা (১০) ঢাকার নেভি স্কুলের চতুর্থ শ্রেণির ও ছোট মেয়ে রাফিয়া ইয়াসমিন ওরফে রাহি (৮) একই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বাবা রফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা।

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার ধুনট উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামে নানার বাড়িতে কথা হয় মা-হারা দুই মেয়ের সঙ্গে। আট বছরের রাফিয়া ইয়াসমিন কথা বলতে চায়নি। হুমাইরার কাছে মায়ের কথা বলতেই তার চোখ ভিজে যায়। কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘ঈদের জন্য দুই বোনকে বাবা জামা কিনে দিয়েছে। নানা-নানি কিনে দিয়েছে। মা তো আর নেই। বায়না করব কার কাছে?’ তারপর আর কোনো কথা বলতে পারেনি সে।

হুমায়রা-রাফিয়ার পারভিন আকতার বলেন, ‘যে কয়েক দিন বেঁচে আছি, আমাদের কাছে ওদের আদরের কোনো কমতি থাকবে না। তবু ওদের মায়ের অভাব কি পূরণ হবে? মাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। যতটুকু পারছি, তাদের মায়ের কথা ভুলিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি।’