
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নৌকা প্রতীক পাওয়া আবদুর রউফ বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেও আগে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। এবার তাঁকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেছে নেওয়ায় মানতে পারছেন না অনেকে।
রউফ ফতেপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানও। ২০১৭ সালে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এবার তাঁকে মনোনয়ন না দিতে ৯ মে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহার উদ্দিন দলীয় প্রধান শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করেছিলেন।
বাহার উদ্দিনের করা আবেদন থেকে জানা যায়, আবদুর রউফ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি থাকা অবস্থায় সরকারবিরোধী আন্দোলনের সময় জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অভিযোগে মির্জাপুর থানায় মামলা হয়। ওই মামলায় তিনি আসামি ছিলেন। এমন অবস্থায় ২০১৯ সালে আওয়ামী লীগে যোগ দেন রউফ। গত বছরের মার্চে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি।
রউফকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করার পর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এবার ইউপি নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় অনেকের ক্ষোভ ও হতাশা আরও প্রকাশ্য হয়েছে। বাহার উদ্দিন বলেন, ‘আবদুর রউফকে দলীয় মনোনয়ন না দিতে সভানেত্রীর কাছে আবেদন করেছিলাম। কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়াতে দলীয় নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এতে তৃণমূল পর্যায়ে দলের ক্ষতি হবে।’
দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার। তিনি বলেন, বিএনপির সাবেক নেতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়াতে তাঁরা হতাশ হয়েছেন। মনোনয়ন পরিবর্তনের জন্য দলের সভানেত্রীর কাছে আবেদন করবেন বলে জানান তাঁরা।
দলীয় মনোনয়ন পাওয়ার পর কিছু নেতা-কর্মীর বিরোধিতা প্রসঙ্গে রউফ বলেন, ‘নিজের আপন ভাইও ভালো খাইলে অনেকে পছন্দ করে না। আমি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হইছি। এলাকায় আর দলের নেতা-কর্মীর মধ্যে আমার জনপ্রিয়তা আছে। আমি আওয়ামী লীগের অয়্যা দুইটা এমপি নির্বাচন (উপনির্বাচনসহ) করলাম, উপজেলায় নির্বাচন করলাম। ইউনিয়নে আমার ভূমিকাই বেশি আছিল। তা ছাড়া গোয়েন্দা রিপোর্টেও নাকি আমার নাম ভালো গেছে। এ জন্যই দল আমারে মনোনয়ন দিছে। আর যে মামলার আসামি ছিলাম তা দুই বছর আগেই খারিজ হয়ে গেছে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ জানান, আবদুর রউফ দলীয় মনোনয়ন পেয়েছেন। নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন। তবে কারও কোনো অভিযোগ থাকলে তা দলের সভানেত্রীকে জানাতে পারেন।