
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আট বিচারপতি। আজ শুক্রবার তাঁরা সেখানে পরিদর্শনে যান।
বিচারপতিদের মধ্যে ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি মো. রুহুল কুদ্দস, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার।
সকাল পৌনে ১০টায় তাঁরা কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা তাঁদের স্বাগত জানান। এ সময় কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায়, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিচারপতিরা মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহার গ্রামের বাড়ি, কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন। বিকেলে কুমুদিনী কমপ্লেক্সের আনন্দ নিকেতনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে ঢাকার উদ্দেশে কুমুদিনী কমপ্লেক্স ত্যাগ করেন বিচারপতিরা।