
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গোড়াই-সখীপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চাঁদপুরের মতলব উপজেলার নগরকান্দা গ্রামের কাভার্ড ভ্যানচালক সুরুজ মিয়া (৩০) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাট গ্রামের বাসিন্দা ওষুধ কোম্পানির কর্মী গোলাম রব্বানী (৩২)।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, টাঙ্গাইলের সখীপুর থেকে আসা গাজীপুরের চন্দ্রাগামী একটি বাস (টাঙ্গাইল জ ০৫-০০১১) তেলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওষুধবোঝাই কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশের হেফাজতে আছে।