
মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে গুরুতর আহত স্কুলশিক্ষার্থী অঙ্কন দত্ত (১৭) ৪৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
অঙ্কন দত্ত মুন্সিগঞ্জ শহরের রনছ পাড়ুলপাড়া এলাকার নির্মল দত্তের ছেলে। সে শহরের কে কে গভ. ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
তার চাচা রূপক দত্ত প্রথম আলোকে বলেন, গত ৭ এপ্রিল বিকেলে প্রাইভেট পড়া শেষে মুন্সিগঞ্জ ডিসি পার্কে যায় অঙ্কন। সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি অটোরিকশায় ওঠে। এরপর পেছন থেকে কে বা কারা রুমালে চেতনানাশক দিয়ে তাকে অজ্ঞান করে বিদ্যালয়ের পেছনে পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
রূপক দত্ত আরও বলেন, ‘ঘটনার দিন বিকেল থেকে অঙ্কনকে ফোন করছিলাম। কল না ধরায় চিন্তা হচ্ছিল। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আমার ভাগনে রাকেশ তাকে ফোনে পায়। তখন অঙ্কন জানায়, কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। আমরা দ্রুত তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঈদের আগে অঙ্কন কিছুটা সুস্থ বোধ করছিল। এ জন্য আমরা তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসি। কয়েক দিন আগে তার অবস্থা আবারও খারাপ হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।’
ছেলেকে হত্যার বিচার দাবি করেছেন অঙ্কনের বাবা নির্মল দত্ত। কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেটা ভালো ছাত্র ছিল। এ জন্য ওর ক্লাসের কয়েকটা ছেলে হিংসা করত ওকে। এ ঘটনার সঙ্গে অঙ্কনের সহপাঠীরা জড়িত। দেড় মাস ধরে ছেলেটা হাসপাতালে ভর্তি ছিল। ওর খাদ্যনালি কেটে গিয়েছিল। ভেতরে ইনফেকশন ছিল। ঘটনার পরে থানায় অভিযোগও করেছিলাম। পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। আমার ছেলেটা কত কষ্ট পেয়ে মারা গেল! এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।’
মুন্সিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার মুন্সী প্রথম আলোকে বলেন, ‘দেড় মাস আগে অঙ্কনকে ছুরিকাঘাতে আহত করা হলো। অথচ এত দিনেও প্রশাসন ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারল না। অঙ্কনের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামব আমরা।’
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছিল। আজকে ছেলেটি মারা গেছে। এখন ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।