মুন্সিগঞ্জে দোকান থেকে ৪ হাজার লিটার মজুত সয়াবিন তেল জব্দ

মুন্সিগঞ্জে ৪ হাজার লিটার মজুদ সয়াবিন তেল জব্দ করে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বেলা ১১টার দিকে শ্রীনগরের কোলাবাজারে
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় দুটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে তেল মজুত, গায়ের মূল্য মুছে ফেলা ও বেশি লাভে বোতলজাত তেল খুলে বিক্রি করার দায়ে ওই দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কোলাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা শাখা অভিযান চালিয়ে এসব তেল জব্দ করে। অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীনগর থানার পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা।

সেলিম স্টোর থেকে প্রায় ২ হাজার ২০০ লিটার এবং সায়েদ স্টোর থেকে ১ হাজার ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

আসিফ আল আজাদ বলেন, সারা দেশের মতো মুন্সিগঞ্জেও কিছু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোলাবাজারে সেলিম স্টোর ও সায়েদ স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, রমজান মাস ও এর আগের তেল পুরোনো দামে বিক্রি না করে মজুত করা হয়েছে। এ ছাড়া বোতলজাত তেল খুলে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ সময় সেলিম স্টোর থেকে প্রায় ২ হাজার ২০০ লিটার এবং সায়েদ স্টোর থেকে ১ হাজার ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়। উপস্থিত ক্রেতাদের মধ্যে বোতলের গায়ের দামে দাঁড়িয়ে থেকে তেল বিক্রি করে দেওয়া হয়।