
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি খননযন্ত্রের (ড্রেজার) মালিককে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ চাকমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নরসিংদী সদর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে গেছে মেঘনা নদী। কয়েক দিন ধরে বাঞ্ছারামপুরের মরিচাকান্দি এলাকা থেকে খননযন্ত্র দিয়ে নরসিংদীর কয়েক ব্যক্তি অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিলেন। বাঞ্ছারামপুরের লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ চাকমা উপজেলার মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে যুক্ত সামিয়া এন্টারপ্রাইজ ও বাইতুল্লাহ নূর ড্রেজিং প্রকল্প নামের দুটি প্রতিষ্ঠানের দুটি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করা হয়। পরে খননযন্ত্রের দুই মালিকের প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীষ চাকমা প্রথম আলোকে বলেন, একটি চক্র উপজেলার মরিচাকান্দিসংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে মরিচাকান্দি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই খননযন্ত্রের মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়।