জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে আরও এক সেট ট্রেন বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে। আজ রোববার বিকেলে পানামার পতাকাবাহী ‘এমভি প্রিসিয়ার্স কোরাল’ নামের জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে।
বন্দর সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট জাপান থেকে ছেড়ে আসা জাহাজটিতে ট্রেনের বগি ও ইঞ্জিন ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জাম এসেছে। জাহাজ থেকে এরই মধ্যে এসব নামানোর কাজ শুরু হয়েছে।
খালাস শেষে বগি ও ইঞ্জিনগুলো নদীপথেই ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে বলে জানিয়েছেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান। এ জন্য জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) বগি ও ইঞ্জিন খালাস করা হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক নামের জাহাজে করে মেট্রোরেলের এক সেট ট্রেন আসে। এ ছাড়া ৫ মে এক সেট ও ২০ জুলাই দুই সেট ট্রেন এ বন্দর দিয়ে খালাস হয়েছে।