
এক্স–রে মেশিনের তার চুরি হয়ে যাওয়ায় সাত দিন ধরে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এক্স–রে সেবা বন্ধ হয়ে আছে। এতে হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। ১৬ এপ্রিল থেকে এক্স–রে সেবা বন্ধ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে রোগীরা অভিযোগ করেছেন।
হাসপাতালে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের এক্স–রে সেবা কার্যক্রম বন্ধ থাকায় তাঁদের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে এক্স–রে করাতে হচ্ছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালে সৈয়দপুর উপজেলার বাসিন্দারা ছাড়া দিনাজপুরের চিরিরবন্দর, রংপুরের তারাগঞ্জের রোগীরাও চিকিৎসা নিতে আসেন। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন এই হাসপাতালে এক্স–রে করান। তবে ১৬ এপ্রিল এক্স-রে মেশিনের তার চুরি হয়ে যায়। এর পর থেকে এক্স-রে কক্ষের সামনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রোগীরা ওই কক্ষের সামনে গেলে এক্স-রে টেকনিশিয়ান তাঁদের নির্দিষ্ট কয়েকটি বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রগুলোয় যাওয়ার পরামর্শ দিচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহায়মেনুল ইসলাম বলেন, এক্স-রে মেশিনের তার চুরি হয়েছে এবং এক্স–রে ফিল্ম প্রিন্টারও নষ্ট হয়ে গেছে। ফলে এক সপ্তাহ ধরে এক্স–রে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তার চুরির বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এক্স–রে মেশিনের ওই বিশেষ তার দেশের বাজারে পাওয়া যায় না। প্রিন্টার সারাতেও কিছুদিন সময় লাগবে।
তবে তার চুরির বিষয়টি সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানেন না বলে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতালের এক্স–রে মেশিনের তার চুরির বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অভিযোগও করেনি।