বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মহিষমারী চরের জমি দখল করতে যাওয়ার সময় স্থানীয় একটি গ্রুপের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ২৮টি ছররা গুলি ছোড়েন পুলিশ সদস্যরা। ওই গ্রুপের লোকজনও পাল্টা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন এবং ভোলার ভেদুরিয়া ইউনিয়নের মধ্যবর্তী মহিষমারী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোলা এবং বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত ব্যক্তিরা হলেন মহিষমারী গ্রামের নান্নু হাওলাদার (৪০), রিপন হাওলাদার (২৫), অলি হোসেন (১৮), মো. রিয়াজ (২০), সাইফুল (১৮), মো. শাহাজাহান (৭০), হানিফ হাওলাদার, জামাল বাঢ়ি (২৫), আমেনা বেগম (৩৫), সাথি বেগম (২৮), আছমা বেগম (৩৫) এবং ফিরোজা বেগম (৬৫)। তাঁদের মধ্যে চার নারী গুরুতর আহত হয়েছেন। তাঁদের শরীরজুড়ে একাধিক ছররা গুলি লেগেছে বলে জানান চিকিৎসকেরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রীপুর ইউনিয়নের চৌকিদার মাহেব হোসেন বলেন, দুপুরে শ্রীপুরের রুবেল কাজী তাঁর লোকজন নিয়ে ভোলার ভেদুরিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে বিভিন্ন অস্ত্র ছিল। সীমানার মধ্যবর্তী স্থানে থাকা বরিশাল ও ভোলা জেলা পুলিশের যৌথ ক্যাম্পের সদস্যরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে রুবেল কাজীর লোকেরা পুলিশের ওপর হামলা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।
রুবেল কাজী মেহেন্দীগঞ্জ উপজেলা কৃষক লীগের সহসভাপতি। একই ইউনিয়ন থেকে গত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ মোল্লা বলেন, মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন এবং ভোলার ভেদুরিয়া ইউনিয়ন এলাকার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় রুবেল কাজী দুই ইউনিয়নের চরের জমি দখলের চেষ্টা করে আসছিলেন। এটা নিয়ে প্রায়শই দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটে।
অভিযোগ অস্বীকার করে রুবেল কাজী বলেন, ‘ঘটনার সময় আমি মেহেন্দীগঞ্জে ছিলাম না। বরিশালে অবস্থান করছিলাম। আগেও ওই দুই ইউনিয়নের সীমানা নিয়ে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু গুলিবর্ষণের ঘটনা এই প্রথম। পুলিশ বিনা উসকানিতে গ্রামবাসীর ওপর গুলি ছুড়েছে।’
রুবেল কাজী আরও বলেন, যেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেখান থেকে পুলিশ ক্যাম্পের দূরত্ব অন্তত দুই কিলোমিটার। ভোলার পুলিশ মেহেন্দীগঞ্জে মহিষমারী গ্রামের মধ্যে ঢুকে নারী-পুরুষের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে নারীসহ ১২ জন গুলিবিদ্ধ হন। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করা ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, শ্রীপুর ও ভেদুরিয়ার মধ্যে একটি সেতু রয়েছে। সেতুর দুই প্রান্তের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। বিরোধপূর্ণ জমিতে বালু ভরাট করে ঘর নির্মাণ করছিলেন শ্রীপুরের রুবেল কাজী। এতে বাধা দেয় ভেদুরিয়ার বাসিন্দারা।
ওসি এনায়েত হোসেন বলেন, ‘আজ রুবেল কাজী স্থানীয় অনেক নারী-পুরুষ নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা বরিশাল এবং ভোলা জেলা পুলিশের সদস্যরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগান থেকে ২৮টি ছররা গুলি ছোড়ে। যতটুকু জেনেছি, তাতে কেউ গুলিবিদ্ধ হননি। তবে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।’